জীবন ছবি প্রাণের টানে

কেরানীগঞ্জের বামনশুর গ্রামের দেওয়ান বাড়ি প্রাচীন এক ঐতিহ্যের ধারক। জাতীয় তথ্য বাতায়ন বলছে, আনুমানিক পৌনে দুই শত বছর আগে আলেক চাঁন শাহ আলফু দেওয়ান এর গোড়াপত্তন করেন। বংশপরম্পরায় এ পরিবারের সবাই সংগীতচর্চা করছেন।
দেওয়ান পরিবারের সন্তান নাট্যকার ও গীতিকবি শাকির দেওয়ানের সৃষ্ট গান নিয়ে ‘জীবন ছবি প্রাণের টানে, শাকির দেওয়ান আঁকে গানে’ শীর্ষক অনুষ্ঠান হলো গত শুক্রবার রাতে।
কেরানীগঞ্জের কলাতিয়া কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ধ্রুপদি, মরমি ও কাওয়ালি নিয়ে তিন পর্বে শাকির দেওয়ানের লেখা গান পরিবেশন করেন আরিফ দেওয়ান, আতিকুর রহমান, অণিমা মুক্তি গমেজ, পূর্ণচন্দ্র রায়, আজাদ দেওয়ান, সাগর দেওয়ান, ফারহানা নীপা, মোকলেস দেওয়ান প্রমুখ। কাওয়ালি পরিবেশন করে দেওয়ান ব্রাদার্স।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী এবং অনুষ্ঠান সমন্বয়ক শামীম রানা। অনুষ্ঠানের একপর্যায়ের গীতিকার শাকির দেওয়ান তুলে ধরেন তাঁর গান রচনার পেছনের কথা।
পরিবেশনার ফাঁকে ফাঁকে গানের মূল্যায়ন ও তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথি সুরকার শেখ সাদী খান, গীতিকার-সুরকার মিল্টন খন্দকার, গবেষক-গীতিকার তপন বাগচী এবং লেজার ভিশনের কর্ণধার এ কে এম আরিফুর রহমান।
সুরকার শেখ সাদী খান বর্তমান সামাজিক অস্থিরতা নিরসনে শাকির দেওয়ানের গান সবিশেষ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন। মিল্টন খন্দকার বলেন, মূল্যবোধের পচন ঠেকাতে গানগুলো শুদ্ধ সংগীত ও মরমি গান নিয়ামক শক্তিরূপে কাজ করবে। চিরায়ত ঐতিহ্য রক্ষা ও অস্থির প্রজন্মকে মূল চেতনায় ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন জরুরি বলে মনে করেন তপন বাগচী ও এ কে এম আরিফুর রহমান।