জীবন দিয়ে শিশুটিকে বাঁচালেন এক শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ-ছয় বছরের শিশুটি হাঁটছিল রেললাইনের ওপর দিয়ে। ঠিক সে সময় আসছিল একটি ট্রেন। সেদিকে ভ্রুক্ষেপ নেই শিশুটির। ঘটনা দেখে লাফ দিয়ে রেললাইন থেকে শিশুটিকে সরিয়ে দিতে গেলেন পোশাকশ্রমিক মো. সুমন (২৯)। শিশুটি বাঁচল ঠিকই। কিন্তু ট্রেনে কাটা পড়ে মারা গেলেন সুমন।
গতকাল সোমবার বেলা তিনটার দিকে রাজধানীর বনানী সৈনিক ক্লাবসংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। এ সময় সুমনের সঙ্গে কয়েকজন সহকর্মী ছিলেন। ট্রেনে কাটা পড়ার পরপর সুমনকে দ্রুত উদ্ধার করে তাঁরা হাসপাতালে নিয়ে আসেন।
নিহত সুমনের সহকর্মী হারুন বলেন, সুমন বনানীর ম্যাডোনা ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার গুদামশ্রমিক ছিলেন। গতকাল দুপুরের পর সুমন হোটেলে খাবার খেতে যান। সেখান থেকে কাজে ফেরার পথে সৈনিক ক্লাবসংলগ্ন রেললাইনে চলন্ত ট্রেনের সামনে একটি শিশুকে হাঁটতে দেখে তাকে বাঁচাতে যান। ট্রেন আসার আগে শিশুটিকে লাইন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারলেও নিজে ট্রেনে কাটা পড়েন। এরপর সুমনকে উদ্ধার করে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমন মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারনগর গ্রামে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। রেল পুলিশ সুরতাল শেষ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।