জীবন দিয়ে নাশকতা রুখলেন কাশেম

‘দেশের সেবা করতে গিয়ে এই ছিল ভাগ্যে? মানুষ তো নিজের শত্রুকেও এভাবে মারে না। এখন আমার বোনরে আমি কী জবাব দেব? বাচ্চাগুলো কাকে বাবা বলে ডাকবে?’
ছোট বোনের স্বামী আবুল কাশেমের মৃতদেহ দেখার পর এভাবেই বিলাপ করছিলেন কামরুল ইসলাম। কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় গতকাল রোববার বোমা হামলায় মারা যান রেলওয়ে নিরাপত্তা প্রহরী (আরএনবি) আবুল কাশেম। হামলায় তাঁর মুখমণ্ডলের পুরো অংশ উড়ে গেছে। কাশেমের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে। বোমা হামলার পর ঘটনাস্থল থেকে হামলাকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শী নিরাপত্তা প্রহরী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটা থেকে কমলাপুর রেলস্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটের কাছে দায়িত্ব পালন করছিলেন আবুল কাশেম (৩০)। বেলা আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে দুই যুবক প্ল্যাটফর্মের দিকে আসছিলেন। তাঁদের একজনের হাতে একটি শপিং ব্যাগ দেখে আবুল কাশেমের সন্দেহ হয়। পরে তা দেখতে চাইলে ব্যাগে থাকা বোমা বের করে কাশেমের মুখে ছুড়ে মারা হয়। এতে ঘটনাস্থলেই কাশেম নিহত হন।
পাশেই দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরী মনি শংকর প্রথম আলোকে বলেন, ‘দুই যুবকের একজনের কাছে থাকা শপিং ব্যাগে কী আছে জানতে চাইলে সঙ্গে সঙ্গে একজন কাশেম ভাইকে বোমা ছুড়ে মারে। এরপর হামলাকারীদের পিছু ছুটে তাদের ধরতে সক্ষম হই।’
বোমা হামলার পর রেলমন্ত্রী মুজিবুল হক নিহত আবুল কাশেমের লাশ দেখতে আসেন। তিনি জানান, আবুল কাশেমের পরিবারকে এক লাখ টাকা দেওয়া হচ্ছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মজিবুর রহমান বলেন, ‘হামলাকারীরা হয়তো স্টেশনে ঢুকে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। কিন্তু কাশেম তা হতে দেননি। জীবন দিয়ে রেলের নাশকতা ঠেকিয়ে দিয়েছেন।’
আবুল কাশেম ২০০৪ সালে এইচএসসি পাস করে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে নিরাপত্তারক্ষী হিসেবে যোগ দেন। আবুল কাশেমের স্ত্রী বুলবুল রিয়ার বড় ভাই কামরুল ইসলাম জানান, আবুল কাশেমের দুই মেয়ে ও এক ছেলে। ছেলের বয়স মাত্র দু-তিন মাস। বড় মেয়ে প্রথম শ্রেণীতে পড়ে আর ছোট মেয়ের বয়স দুই বছর। তাঁর পরিবার গ্রামেই থাকে। তিনি গোপীবাগ ব্যারাকে থাকতেন।
রেলওয়ে থানার কমলাপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, আটক হামলাকারীদের মধ্যে একজনের নাম আমিনুল, অন্যজন আলম। তাঁরাও বোমার আঘাতে আহত হয়েছেন।
কাশেমের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ সোমবার কমলাপুর রেলস্টেশনে তাঁর জানাজা হবে। পরে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।