জীবন দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখে গেছেন ফারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ফারাজ মনে করতেন, তিনি যাঁদের ভালোবাসেন তাঁদের রক্ষা করার দায়িত্বটি তাঁর। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে তিনি সেই দায়িত্বটি পালন করে গেছেন। অমানবিক প্রতিকূলতার মধ্যেও মানবতার প্রমাণ রেখে গেছেন। ফারাজ মরে গেছেন, কিন্তু তিনি সারা পৃথিবীর যুবকদের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন।’
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি সংস্থা ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস (ডিসিআই) ইন্টারন্যাশনাল আয়োজন করে ‘কনসার্ট ফর চিলড্রেন’-এর। এখানেই ২০১৭ সালের মানবতাবাদী পুরস্কার দেওয়া হয় গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত তরুণ ফারাজ আইয়াজ হোসেনকে। এর আগে ফারাজের অবদান এভাবেই তুলে ধরেন ডিসিআইর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক এহসান হক।
অনুষ্ঠানে ফারাজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর মা ও এসকেএফ-এর ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন এবং নানা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। পুরস্কার তুলে দেন চলচ্চিত্র তারকা ববিতা। এ সময় মঞ্চে ছিলেন ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মদ মূসা, অার্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, রাইটস অ্যান্ড সাইটস ফর চিলড্রেনের চেয়ারম্যান সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ।
পুরস্কার হাতে তুলে দেওয়ার পর কেঁদে ফেলেন অভিনেত্রী ববিতা। তিনি ফারাজের মা সিমিন হোসেনকে জড়িয়ে ধরে বলেন, ‘ফারাজকে আমরা ভুলব না। একজন মা হিসেবে ফারাজের মাকে আমি স্যালুট করতে চাই। আপনি একজন গর্বিত মা।’
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে ফারাজের বড় ভাই যারেফ হোসেন বলেন, ‘আমার ছোট ভাইকে সম্মানিত করার জন্য পরিবারের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সাহস, বন্ধুতা আর মানবিকতার জন্য ফারাজ সেই হামলার সময় নিজের জীবন বাঁচানোর তাগিদ বোধ করেনি, বন্ধুদের ছেড়ে পালিয়ে যায়নি, তার জন্য আমরা সবাই খুবই গর্বিত। ওই হামলাকারীরা কি বাংলাদেশের তারুণ্যের চিত্র তুলে ধরে? কখনোই না। আর আজ আমার মায়ের জন্মদিন। এ দিনে ছেলের সাহসিকতা আর মানবিকতার জন্য তিনি যে পুরস্কার নিচ্ছেন, তা তাঁর জন্য অনেক বড় উপহার।’
মূলত সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটির। নাচ-গানের ফাঁকে ফাঁকে উদ্যোক্তারা নিজেদের কর্মকাণ্ডের কথাও তুলে ধরছিলেন। এর মধ্যেই দেখানো হয় ফারাজ হোসেনকে নিয়ে নির্মিত ভিডিও চিত্রটি। পুরো মিলনায়তন তখন নীরব হয়ে ছিল। কেউ কেউ চোখের পানি মুছছিলেন।