জীবন দিয়ে স্বামীর ঘর ছাড়ল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণীতে পড়াশোনা করার সময় রোকসানা খাতুনকে (১৩) প্রতিবেশী এক যুবক বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি তা প্রত্যাখ্যান করে। পরে বাবা-মায়ের চাপে মেয়েটি পড়াশোনা ছেড়ে অকালে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। চলে যায় স্বামীর ঘরে। কিছুদিন কাটিয়ে বাবার বাড়িতে ফিরে এসে স্বামীর সংসারে যেতে অনীহা প্রকাশ করে। তখন থেকে মেয়েটি বাবার বাড়িতেই ছিল। বাল্যবিবাহের এ ঘটনাটি ছয় মাস আগের। রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর পূর্বপাঠানপাড়া গ্রামের।
অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার মেয়েটিকে জোর করে স্বামীর বাড়িতে পাঠানো হয়। এতে রাগে-দুঃখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর উপস্থিতিতেই সে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতের পর সে মারা যায়।
মেয়ের শাশুড়ি হাছেনা বেগম বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। সে কেন বিষপান করেছে বলতে পারছি না।’
স্বামী হাফিজুর রহমান বলেন, ‘বিয়ের পর জিনের আছর পড়ে তার (রোকসানার) ওপর। আমার কাছে সে থাকতে চাইত না। চিকিৎসা করেও ফল হয়নি। সে বাড়িতে থাকা বিষ খেয়ে আত্মহত্যা করেছে।’
মেয়ের বাবা ফকির উদ্দিন বলেন, ‘কী করব। জামাইয়ের কোনো দোষ নেই। কম বয়সে বিয়া দেওয়াতে মেয়েটা ভেঙে পড়ে। এটা ভুল ছিল।’
জানা গেছে, রোকসানা খাতুন উপজেলার পাঠানপাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল। এক বোন, তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। প্রতিবেশী হাফিজুর রহমানের (২৪) সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়।
সহপাঠী মিনারা খাতুন বলে, ‘রোকসানা ওই বিয়েতে রাজি ছিল না। তাকে জোর করে বিয়ে দেওয়া হয়।’
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ছয় মাস আগে ওই ছাত্রীর বিয়ে দেওয়ার সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে দিয়ে তা বন্ধ করা হয়। পরে গোপনে তাকে বিয়ে দেওয়া হয়েছে—এ সংবাদটি জানতাম না।’