জীবন দিয়ে হলেও বন্দরে ট্রানজিট চালু করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারত, নেপাল ও ভুটানে পণ্য সরবরাহের জন্য ট্রানজিট দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জীবন দিয়ে হলেও সে ঘোষণা বাস্তবায়ন করব। এক-এগারোর পর চট্টগ্রাম বন্দরের যেসব শ্রমিক চাকরি হারিয়েছেন, ট্রানজিট বাস্তবায়নের মাধ্যমে তাঁদের চাকরিতে পুনর্বহাল করা হবে।’গত সোমবার লালদিঘি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দর দিয়ে ট্রানজিট বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র।সমাবেশে মেয়র নিজেই সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ইসহাক মিয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ওয়ার্ড কাউন্সিলর এম এ নাসের। বন্দরে মিছিল-সমাবেশ: ট্রানজিট কার্যক্রম চালুর দাবিতে গতকাল সকালে বন্দর এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। সকালে বন্দরের চার নম্বর জেটিগেট থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি আগ্রাবাদ এলাকা ঘুরে বন্দর ভবন গেটের সামনে গিয়ে শেষ হয়।সেখানে সমাবেশে বক্তারা বলেন, প্রতিবেশী দেশগুলো চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করলে সরকারের রাজস্ব আদায় যেমন বাড়বে, তেমনি বিপুল লোকের কর্মসংস্থানও হবে। এতে দেশে ব্যবসা-বাণিজ্যও বাড়বে। ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খান।