জীবন দিয়ে হলেও বিমানকে লাভজনক করব: বিমানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল

নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‍‘বিমানে চড়লে ঠিকমতো সার্ভিস দেয় না। জনগণ ভালো সার্ভিস পায় না। এটা বাইরের লোকজন বলতেছে, বাইরের বদনামটা আমি শুনছি। আসলে বাইরে যতটুকু বদনাম শোনা যায় প্র্যাকটিক্যালি ততটা নয়। আমি এই বদনামকে ধুয়েমুছে সুন্দর করে পরিষ্কার করে দেব।’

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান কামাল এ কথা বলেন। তিনি বলেন, ‘বিমানকে লাভজনক করার জন্য আমার জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব। ৯ মাসে এটাকে লাভজনক প্রতিষ্ঠান করে দেব।’

মন্ত্রিসভায় যুক্ত হতে পারাকে ‘জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া’ উল্লেখ করে শাহজাহান কামাল বলেন, একটা নতুন জীবন এসেছে। এখন নতুন পরিকল্পনা নিয়ে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের জন্য কাজ করে যাবেন। তিনি বলেন, ‘অনেকে বলেছে, আগুনে আপনাকে নিক্ষেপ করা হয়েছে। না না না, এটা আগুন নয়, এটা আমার জন্য পানি। যে পানি খাইয়্যা আমি জীবন বাঁচাই, সেটা আমার জন্য পানি।’