জীবন দিয়েই বাল্যবিবাহ ঠেকাল রোখসানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রোখসানা বেগমের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিবারের লোকজন বলছেন, বিয়ের জন্য চাপ দেওয়ায় রোখসানা আত্মহত্যা করেছে।প্রতিবেশীরা জানান, রোখসানার পড়াশোনার প্রতি দারুণ ঝোঁক ছিল। শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। বাল্যবিবাহ-বিরোধী ছিল সে। কিন্তু তাকেই বাল্যবিবাহ করতে হয়। অষ্টম শ্রেণীতে পড়ার সময় রোখসানাকে জোর করে বিয়ে দেওয়া হয়। কয়েক দিন পর স্বামীর Ni ছেড়ে পালিয়ে আসে সে। পরে স্বামীকে তালাক দেয়। এরপর আবার পড়াশোনা শুরু করে। দাখিল পাস করার পর ভর্তি হয় আট কিলোমিটার দূরে নান্দাইলদীঘি কলেজে। হেঁটেই কলেজে যাতায়াত করেছে রোখসানা। পড়াশোনার পাশাপাশি সে গ্রামের একটি অবৈতনিক পাঠশালায় বিনা বেতনে শিক্ষকতা করত। প্রাপ্তবয়স্ক না হতেই পরিবারের লোকজন দ্বিতীয় দফা বিয়ে দিতে চান রোখসানাকে। এতেও রাজি ছিল না সে। পরিবারের লোকজন বিয়ের জন্য চাপ দেন ও বকাবকি করেন। অভিমান করে গত সোমবার সন্ধ্যায় কীটনাশক পান করে রোখসানা। বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রোখসানা মারা যায়। রোখসানার চাচা আজাহার আলী বলেন, ‘বিয়ের জন্য চাপ দেওয়ায় রোখসানা অভিমান করে আত্মহত্যা করেছে।’নান্দাইলদীঘি কলেজের অধ্যক্ষ সামছুল আলম বলেন, ‘রোখসানা মেধাবী ছাত্রী ছিল। সে পরিবারের লোকজনের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’ তিনি বলেন, ‘কলেজের রেকর্ড অনুযায়ী রোখসানার বয়স ১৬ বছর ছয় মাস নয় দিন। এ বয়সে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা আইনসিদ্ধ নয়।’জয়পুরহাট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান জানান, কীটনাশক পানের কারণে রোখসানার মৃত্যু হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জয়পুরহাট হাসপাতালে মারা যাওয়ায় সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। রোখসানার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।