জীবন না জিডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরে দেখছি স্পেন লকডাউন উঠিয়ে নিয়ে সীমিত আকারে কিছু উৎপাদন খাত, কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান, নির্মাণ প্রতিষ্ঠান খুলে দিয়েছে। যদিও এখনো স্পেনে ৫০০-৬০০ লোক প্রতিদিন মারা যাচ্ছেন করোনাভাইরাস সংক্রমণে। আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন লকডাউন তুলে অর্থনীতি পুনরায় সচল করতে। যদিও সেখানে করোনায় আক্রান্ত ৬ লাখের মতো, প্রতিদিন মারা যাচ্ছেন হাজারের বেশি। চিকিৎসা বিজ্ঞানীরাসহ সবাই এর বিরোধিতা করছেন। এমনকি ট্রাম্প বলেছেন লকডাউন তোলার সর্বময় ক্ষমতা তাঁর, যা খুব সমালোচিত হচ্ছে। একটা সরকার কতোটা মরিয়া হলে এটা করতে চায় যখন চারিদিকে লাশের স্তুপ।

আসলে সবদেশেই এমন পরিস্থিতি আসবেই এই লকডাউন তুলে নেওয়ার জন্য। কারণ, অর্থনীতি ভেঙ্গে পড়ছে, দেশে লাখো লোক বেকার হয়ে পড়ছেন। জিডিপি বৃদ্ধির হার ইতিহাসে হয়তো সবচেয়ে কম হবে। দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা তীব্রভাবে এই মহামারির সময়ে প্রভাবিত হচ্ছেন। তারা দিন দিন বিক্ষুব্ধ হয়ে উঠবেন যদি না সীমিত সময়ের মধ্যে এই লকডাউন উঠে যায়। দুদিন আগে ভারতের মুম্বাইতে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন লকডাউনের মেয়াদ বৃদ্ধি করাতে। পুলিশ দিয়ে লাঠিচার্জ করে তাদের দমাতে হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তাই করোনা সংক্রমণের হার যদি নাও কমে তাহলে একটা সময় পর আপনাকে খুলতেই হবে এই লকডাউন। অর্থনীতির চাকা যদি সচল না থাকে তাহলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘসময়ের জন্য অর্থনীতি অচল রেখে দেওয়া যায় না। তাই যে জীবন বাঁচাতে এই লকডাউন, সে জীবন বাঁচাতেই একসময় খুলে দিতে হবে লকডাউন। 

তাহলে, সামনের সময় হবে কঠিনতম চ্যালেঞ্জ আমাদের জন্য। সংক্রমণের হাত থেকে বাঁচার অথবা ভেঙ্গে পড়া অর্থনীতিতে বেঁচে থাকার, যতদিন না করোনাভাইরাসের যথাযথ চিকিৎসা আবিষ্কার হয়।

*লেখক: ডিজিএম, মার্কেটিং, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড।