জীবন নিয়ে স্বপ্ন দেখার সময়টুকুও মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দশক আগে মণীন্দ্র চন্দ্র অধিকারী কী করে রংপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরে এসে পড়েছিলেন, সে কথা স্বজনেরাও ভালো জানেন না। মণীন্দ্রর বয়স তখন বছর ছয়েক। সেই থেকে এবাড়ি-ওবাড়ি চেয়েচিন্তে খাবার জোটান। জীবনের শেষ দিন পর্যন্ত দারিদ্র্য পিছু ছাড়েনি। রঘুনাথপুরের মানুষের তোলা চাঁদায় তাঁকে দাহ করা হয়েছে গত বুধবার। বড় মেয়ে বর্ণা রানী অধিকারীর প্রশ্ন, ‘চাঁদার টাকায় বাবার ক্রিয়াটুকু হবে, তারপর কী হবে? আমার ভাই-বোনগুলো তো জীবন নিয়ে স্বপ্ন দেখার সময়টুকুও পেল না।’
গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে খুন হন মণীন্দ্র চন্দ্র অধিকারী। পুলিশ বলছে, পরিবার বিয়ে ঠিক করায় মেয়েটির কথিত প্রেমিক তুহিন দলবল নিয়ে তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত মূল আসামি তুহিনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক। আট আসামির ছয়জন এখন পুলিশ হেফাজতে। হাসপাতালে চিকিৎসাধীন হৃদয় ছাড়া বাকি আসামিরা তিন দিনের রিমান্ডে।
গতকাল বৃহস্পতিবার ফতুল্লার রঘুনাথপুরে শ্বশুরবাড়ির দাওয়ায় বসে কথা বলছিলেন বর্ণা। গায়ে ছাপা শাড়ি, শাড়ির পাড়টা ছেঁড়া, তাতে কাঁথা ফোঁড়ের সেলাই দেওয়া। স্বামী রাজীব মণ্ডল বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করেন। বর্ণা এখন তাঁর নবম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বোন আর আট বছরের একমাত্র ভাইটিকে নিয়ে অসুস্থ মা কী করে বাকি জীবনটা কাটাবেন, সেই চিন্তায় অস্থির। বললেন, মণীন্দ্র দিনমজুরি করতেন। পায়ে আঘাত পাওয়ায় দুই মাস বিছানায় ছিলেন। পাঁচটি মানুষের মুখে খাবার জোটাতে ঋণ করেছিলেন চড়া সুদে। বর্ণা ও তাঁর ভাই-বোন বাবার খুনের বিচার চান। কিন্তু উকিল পাবেন কোথায়? মা-ভাই-বোন কোথায় কীভাবে থাকবেন? কী খাবেন? ভাই-বোনদের স্কুলের খরচ জুটবে কোথা থেকে? স্কুল ছাড়িয়ে কি তাহলে কাজে দিতে হবে? হরিচাঁদ অধিকারী সবে সাত পেরিয়ে আটে পড়েছে। ও কীই-বা করতে পারবে?
খিদে মেটানোর চিন্তার সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তার শঙ্কাও। বাড়ির পাশে পড়ে থাকা চাপাতি গতকাল সকালেও ছিল। দুপুরের দিকে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুনের আলামত সরাল কে কেউ জানে না। মণীন্দ্র চন্দ্র অধিকারীর স্বজনেরা বলেন, খুনিরা বেশ লম্বা প্রস্তুতি নিয়ে এসেছিল। রঘুনাথপুরের যে বাড়িটায় মণীন্দ্ররা থাকতেন, সেটি একটি দোতলা বাড়ি। বাড়ির কাজ মালিক শেষ করেননি। নিচতলায় গেঞ্জি তৈরির ছোটখাটো কারখানা। ওপরতলায় সপরিবারে থাকতেন তাঁরা। বাড়িটিতে কোনো দরজা নেই। দুর্বৃত্তরা প্রথমে নিচে ছোট কারখানাগুলোর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তারপর সব আলো নিভিয়ে দেয়। একটি দল বাড়ির পেছনের দিককার দেয়াল দিয়ে, অন্য দলটি মই বেয়ে ওপরে উঠে আসে। শব্দ শুনে বিছানা ছেড়ে উঠে আসার পরপরই দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় মণীন্দ্রকে। মণীন্দ্রর স্ত্রী প্রজাপতি রানী বলেন, ‘ধ্বস্তাধ্বস্তি শুইনা আমি বাইর হইয়া আসি। এত্ত অন্ধকার! আমি বুঝতেও পারি নাই ওনার কী অবস্থা। একটা ছেলের পাও ধরি। ও চুলের মুঠি ধইরা আমার বুকে লাথি মারতে থাকে। হঠাৎ বুঝি পায়ের নিচে রক্তের ঢল।’ একটু পর মণীন্দ্রের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিও বেরিয়ে আসে। ধরে ফেলে ঘাতককে। মণীন্দ্রকে হাসপাতালে নেওয়ার জন্য অটোরিকশায় তোলার আগেই তাঁর মৃত্যু হয়।
বর্ণা জানান, তাঁর বাবাকে যখন খুন করা হয়, তখন চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বোনটিও জেগে ওঠে। বোনটি শব্দ হলেই চমকে উঠছে। বাড়িতে ফিরতে পারছে না ছোট ভাইটিও।
গতকাল সকালেই নবম শ্রেণিতে পড়ুয়া বোনটিকে ফতুল্লা থানার পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল। প্রথম আলোকে সে বলে, ‘কথা না বললে বাবাকে মেরে ফেলার হুমকি দিত তুহিন। ফেব্রুয়ারি মাসে বাবাকে জানিয়েছিলাম। বাবা বলেছিল, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। বাবা খুন হয়ে গেল। আমাকে এখন সবাই দোষে। বলে, মেয়ে হয়ে বাপকে খাইলি?’