জীবন বাঁচাতে আমিই দেব নিরাপদ রক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের কথা শুনে হতদরিদ্র নসু মিয়া ও সাফিয়া খাতুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঘরে তাঁদের পাঁচ মেয়ে ও এক ছেলে। সেই সবেধন নীলমণি শাহপরান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। কদিন পরপরই এবি পজেটিভ গ্রুপের রক্ত দিতে হবে তাকে। দু-বেলা খাবারই যেখানে জোটে না, সেখানে ছেলের জন্য এত রক্ত পাবেন কোত্থেকে! সামনে অন্ধকার দেখছিলেন নসু-সাফিয়া দম্পতি। এমন বিপদ থেকে তাঁদের উদ্ধারে এগিয়ে এলেন কয়েকজন তরুণ। নিখরচায় তাঁদের ছেলেকে রক্ত দিলেন তাঁরা। একবার-দুবার নয়, টানা ছয় বছর। শিশুটিকে প্রতি মাসে দুই-তিনবার করে রক্ত দিতেন ওই তরুণেরা। ২০০৩ সালের জানুয়ারির ঘটনা এটি। সেই থেকে শাহপরানকে বাঁচিয়ে রাখতে রক্ত দিয়ে গেলেন কুমিল্লার স্বেচ্ছা রক্তদাতা সংগঠন লাইফ সেভিং মুভমেন্টের সদস্যরা। শেষ রক্ষা হলো না তবু। গত বছরের মার্চে মারা যায় শাহপরান। সংগঠনের সব কর্মীই কেঁদেছিলেন সেদিন। এর পর থেকে আরও দৃঢ় মনোবল নিয়ে রক্তদানে উদ্যোগী হন সংগঠনের সবাই। রক্তের অভাবে আর একটিও প্রাণ যেন নিভে না যায়—এই তাঁদের প্রত্যয়। এমন প্রত্যয় নিয়ে ১০ বছর ধরে মুমূর্ষুদের রক্ত দিয়ে যাচ্ছেন লাইফ সেভিং মুভমেন্টের সদস্যরা।‘জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক। জীবন বাঁচাতে আমিই দেব নিরাপদ রক্ত’ এই স্লোগান নিয়ে ২০০০ সালের ৫ মে সংগঠনটির যাত্রা শুরু। সদস্যসংখ্যা এক হাজার। যাঁরা একবার রক্ত দেন, তাঁরাই এর সদস্য। মূলত মুঠোফোনের মাধ্যমে সংগঠনের সদস্যরা রোগীদের জন্য রক্তদাতা খুঁজে বের করেন। তাই একে ভ্রাম্যমাণ রক্তদাতাদের একটি সংগঠনও বলা চলে। সংগঠনের অন্যতম উদ্যোক্তা শহীদুল হক বলেন, ‘আমরা নিজেরা তো দিই-ই। এ ছাড়া রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপন করে দিই। এ ক্ষেত্রে দুস্থ রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়।’নিখরচায় রক্তদাতাদের এই সংগঠনের ৪১টি শাখা রয়েছে গোটা জেলায়। কিন্তু বসার নির্দিষ্ট কোনো স্থান নেই তাদের। সংগঠনের নেই কোনো ব্লাড ব্যাংক। রোজ সন্ধ্যার পর শহরের টাউন হলের একটি কক্ষে সদস্যরা জড়ো হন।কুমিল্লার সদর দক্ষিণ পৌরসভার নেউরা এলাকার বাসিন্দা মো. আবুল হাসেম রতন (২৮) বলেন, ‘সংগঠনের কার্যক্রম দেখে আমি রক্তদানে উৎসাহিত হয়েছি। এ পর্যন্ত বহুবার রক্ত দিয়েছি।’ সংগঠনের বরুড়া শাখার সমন্বয়কারী মাসুদ মজুমদার বলেন, ‘স্বেচ্ছায় রক্তদানের জন্য এলাকায় সুধী সমাবেশ করে জনসাধারণকে রক্তদানের বিষয়ে জানানো হয়েছে। এরপর জনগণ নিজ উদ্যোগেই স্বেচ্ছায় রক্তদান করছে।’কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাগবেড় গ্রামের দিনমজুর নসু মিয়া বলেন, ‘ওই সংগঠনের ছেলেরাই রক্ত দিয়ে আমার ছেলেটাকে ছয় বছর বাঁচিয়ে রেখেছিল।’উদ্যোক্তারা জানান, গত ১০ বছরে কমপক্ষে ১০ হাজার লোকের ব্লাড গ্রুপ পরীক্ষা করেছেন তাঁরা। আর স্বেচ্ছায় কমপক্ষে পাঁচ হাজার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। যাঁরা নিয়মিত ও বেশি বেশি রক্ত দেন, তাঁদের প্রতিবছর ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে সম্মাননা দেয় সংগঠনটি।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), কুমিল্লার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে এ সংগঠন একটি সম্মিলিত আন্দোলন গড়ে তুলেছে, যার মাধ্যমে রক্তের প্রয়োজনীয়তা মিটে যাচ্ছে। একই সঙ্গে রক্তদানে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে তারা।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসা কর্মকর্তা মো. আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, একজন মানুষ চার মাস পরপর রক্ত দিতে পারে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। একই সঙ্গে তার ওজন সর্বনিম্ন হতে হবে ৪৫ কেজি। তার রক্তচাপও (ব্লাড প্রেসার) মেপে নিতে হবে এবং তাকে মাদক ও সংক্রামক ব্যাধিমুক্ত হতে হবে। এসব ঠিক থাকলে নির্দিষ্ট সময় পর রক্ত দিলে কোনো ধরনের ক্ষতিই নেই। তরুণদের এ ধরনের জনহিতকর উদ্যোগ স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উজ্জীবিত করবে।