জীবন বাজি রেখে উদ্ধারে নামেন সাধারণ মানুষ
সাভার বাজার থেকে এনাম মেডিকেল পেরিয়ে গেন্ডা পর্যন্ত দূরত্ব প্রায় তিন কিলোমিটার। পুরো রাস্তার দুপাশে যানবাহন চলাচল বন্ধ। লাঠি হাতে দাঁড়ানো একদল যুবক মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নেই। আছে সাধারণ মানুষ। দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের নিয়ে অ্যাম্বুলেন্সগুলো যাতে নির্বিঘ্নে হাসপাতালে যাতায়াত করতে পারে, সে জন্য কড়া রোদ উপেক্ষা করে তারা নিজেরাই দাঁড়িয়ে গেছে রাস্তায়।ধসে পড়া রানা প্লাজার সামনে দেখা গেল শত শত মানুষ। যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়েছে। কেউ ভাঙা অংশ ধরে টানাটানি করছে, কেউ বিশাল আকারের স্তম্ভ উঁচু করে টেনে ধরছে, যাতে আটকে পড়া লোকটি কোনোভাবে প্রাণে বেঁচে যান। উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিরা কেউ ছাত্র, কেউ বেকার, কেউ পোশাক কারখানার শ্রমিক আবার কেউ মুদি দোকানি বা দোকানের কর্মচারী। ধসে পড়া কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এরাই মূল শক্তি।ভবন ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান সরকারের বিভিন্ন সংস্থার কর্মীরা। দমকল, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত হন। কিন্তু দেখা যায়, উদ্ধার তৎপরতা বলতে যা হচ্ছে, তার প্রায় সবই করছে দমকল বাহিনী। তাদের সঙ্গে শক্তি হিসেবে আছে শত শত সাধারণ মানুষ। দমকলের কর্মীরা একটি কংক্রিটের অংশ ছোট করে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাণপণ চেষ্টা করে সেটা টেনে তুলছে সাধারণ মানুষ। কেউ কেউ ভবনের কোনো এক পাশে ফাঁক-ফোকর করে জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে পড়ছে ভেতরে। ভেতরে যদি কেউ থেকে থাকে সেই আশায়।তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ভবনের ভেতরে কেউ ঢুকতে পারেনি। শুধু বাইরের দিকে ভেঙে পড়া কংক্রিটের অংশ তুলে আহতদের বের করার চেষ্টা করা হচ্ছে। স্বজনদের খোঁজ নিতে আসা অনেকের অভিযোগ, ভেতরে লোকজন আটকে আছে। তাদের আর্তচিৎকার শোনা গেছে। কিন্তু যে ধীরগতিতে উদ্ধারকাজ চলছে, তাতে এরা আর বাঁচবে না।দমকল বাহিনীর পরিচালক মেজর জিহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কত দিনে এই উদ্ধারকাজ শেষ হবে, তা বলা যাবে না। জীবনহানি যাতে কম হয়, সেদিকে লক্ষ রেখে উদ্ধারকাজ চালানো হচ্ছে। দমকলের ২০০ কর্মী ও ২৫০ জন স্বেচ্ছাসেবী উদ্ধারের কাজ করছেন।বেলা দেড়টার দিকে এ রকম একদল উদ্ধারকারী একজন জীবত মানুষের খোঁজ পেতেই চিৎকার শুরু করে দিল। সঙ্গে সঙ্গে ছুটে গেল জনা কুড়ি লোক। সবাই মিলে দুজন আহতকে টেনে তুলল ওপরে। এরপর চার-পাঁচজন মিলে ধরাধরি করে তাঁদের নিয়ে পৌঁছে দিল অ্যাম্বুলেন্সে।বেলা দুইটা পর্যন্ত ভবনের পেছনের অংশে সরকারি উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। একদল সাধারণ মানুষ নিজেদের মতো করে সেখানে উদ্ধারে নেমে যায়। অনেক পরে একদল পুলিশ সেখানে গিয়ে তাদের সরিয়ে দিতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পুলিশ এসব লোকের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তার পরও মানুষ এলাকা ছেড়ে যায়নি।রানা প্লাজার সামনে মূল সড়কের ওপর বিভিন্ন সংস্থার যানবাহন ও অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হয়। আহত কাউকে আনার সঙ্গে সঙ্গে তোলা হচ্ছে সেই অ্যাম্বুলেন্সে। আর অ্যাম্বুলেন্সের পেছনে ঝুলে ঝুলে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়ে আসছিল সাধারণ মানুষ।দুর্ঘটনাস্থলে স্বজনের খোঁজে আসা কম্পিউটার ব্যবসায়ী আকরাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুক্ষণ পরপর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আসছেন। তাঁদের পেছন পেছন ছুটছে শত শত র্যাব-পুলিশ। এদের তৎপরতার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।বেলা আড়াইটার সময় সাভারের শুভেচ্ছা হোটেলে ঢুঁ মারতেই চোখে পড়ল র্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীর উপস্থিতি। ভেতরে কোনো চেয়ার খালি নেই। পাশে রাস্তার ওপর বিভিন্ন টিভি চ্যানেলের যানবাহন দাঁড়ানো। সেখান থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা আছে। কর্মকর্তাদের অনেকেই দাঁড়িয়ে আছেন সেই সব ক্যামেরার দিকে মুখ করে। টিভি প্রতিবেদক কখন প্রশ্ন করবেন আর তাঁরা উত্তর দেবেন, সেই প্রতীক্ষায়। আর ধসে পড়া ভবনের ভেতরে তখন উদ্ধারের আশায় ক্ষণ গুনছিলেন অসহায় শ্রমিকেরা।