
জীবনজাদু বাস্তবতাময়। প্রতিদিনের জীবনযাপনে সচেতন বা অবচেতনে মানুষ জাদু বয়ে বেড়ায়। পত্রিকায় প্রতিদিন রাশিফল দেখে একধরনের সতর্কতাবোধ নিয়ে চলাফেরা করে, এটি তারই প্রমাণ। এটাও একধরনের জাদু। দৈনন্দিন জীবন বাস্তবতার সঙ্গে এভাবেই জাদুর মেলবন্ধন ঘটানো হয় ‘জাদু ও সাহিত্য’ নিয়ে আন্তর্জাতিক এক সম্মেলনে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ১ নম্বর ক্যাম্পাসের অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনের এই সম্মেলন। উদ্বোধনের পর প্রথম দিন মূল প্রবন্ধ তুলে ধরেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুবীর কুমার ধর। আলোচনার পর কয়েকটি জাদুও দেখান তিনি।
সম্মেলন চলাকালে ক্যাম্পাসে বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন অধিবেশনে জাদু ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বেশ কয়েকজন আলোচক। সাহিত্যে জাদুর উপস্থিতি ও মানুষের যাপিত জীবনের সঙ্গে এর যোগাযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে কালজয়ী সব সাহিত্যকর্ম থেকে উদাহরণ টেনে আনেন তাঁরা।
সুবীর কুমার ধর তাঁর ‘দ্য আর্ট অব ইলিউশন ইন রেনেসাঁস ইংল্যান্ড: আ পারফরমেটিভ রিক্রিয়েশন’ প্রবন্ধের মধ্য দিয়ে উপস্থিত শ্রোতাদের নিয়ে যান ষোড়শ শতকে। ওই সময়ে পাথর উধাও করে দেওয়ার গল্প থেকে শুরু করে বেকন, মার্লো, শেক্সপিয়ার, চসার, বেন জনসন হয়ে পরে নিৎশে ও সাম্প্রতিক সময়ের জে কে রাউলিংয়ের সাহিত্যের বিশ্লেষণে তুলে ধরেন, কেমন করে লোকজীবনের জাদুবিশ্বাস লিপিবদ্ধ হয়েছে সেই সময়ের সাহিত্যে। তিনি বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কল্পনার মিশেল যদি আরোপিত হয়, তবে সেটা ননসেন্সে পর্যবসিত হয়। সে জন্যই জে কে রাউলিং তাঁর হ্যারি পটার সিরিজে চমৎকারভাবে কল্পনা ও জাদুকে মিশিয়েছেন।’
সম্মেলনে সূচনা বক্তব্য দেন ইউল্যাবের ইংরেজি বিভাগের শিক্ষক সামসাদ মর্তুজা। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমরান রহমান। ‘ম্যাজিক অ্যান্ড কালচার’ অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফখরুল আলম। এ পর্বে রবার্ট জর্ডানের হুইল অব টাইম বইয়ের জাদু চক্রটি বড় পর্দায় উপস্থাপন করেন ইউল্যাবের সেন্টার ফর ল্যাংগুয়েজ স্টাডিজের পরিচালক এ টি এম সাজেদুল হক।
বিকেলের পর্বে ‘বাংলা সাহিত্যে জাদু’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন কবি মোহাম্মদ রফিক, কবি শামীর রেজা ও কবি সাজ্জাদ শরিফ। সম্মেলন উপলক্ষে ইউল্যাবের লবিতে চলছে শিল্পী লায়লা শারমীনের ভিডিও স্থাপনাশিল্প ‘সোনার কাঠি, রুপার কাঠির রাজকন্যা’-এর প্রদর্শনী।
আজ শনিবার একই স্থানে ক্যারিবীয়, লাতিন আমেরিকা ও মেক্সিকোর সাহিত্যে জাদুবাস্তবতা নিয়ে আলোচনা হবে। আজ দুপুর ১২টায় ‘মার্কস্, মানি অ্যান্ড ম্যাজিক’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন আজফার হোসেন।