সিলেটে জীবন বীমা করপোরেশনে প্রিমিয়াম জালিয়াতি করে প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। করপোরেশনের অভ্যন্তরীণ তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট অঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপকসহ ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জীবন বীমা করপোরেশনের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মস্তোফা সরোয়ার ভূঁইয়া বাদী হয়ে গতকাল রোববার সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল হোসাইন জানান, আদালতের নির্দেশনায় মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।আসামিরা হচ্ছেন: জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপক আবদুল লতিফ চৌধুরী, উপব্যবস্থাপক সোয়ায়েল আহমদ, মো. গিয়াসউদ্দিন, জাবিদুল ইসলাম, জুনিয়র অফিসার মো. ফিরোজ আলম, রবিউল ইসলাম, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান, আমিরুল ইসলাম, নিম্নমান সহকারী দিলওয়ার হোসাইন, আমিরুল ইসলাম ও নুরুল ইসলাম। এঁদের মধ্যে কেবল নুরুল ইসলাম অবসরে রয়েছেন। বাকি ১০ জন করপোরেশনের অভ্যন্তরীণ তদন্ত চলাকালে সাময়িক বরখাস্তের আদেশে রয়েছেন।জীবন বীমা করপোরেশন সিলেট আঞ্চলিক শাখা সূত্র জানায়, ২০০২ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১২ সালের ২৬ নভেম্বর পর্যন্ত প্রিমিয়ামের ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা করপোরেশনের ব্যাংক হিসাবে গচ্ছিত রাখার ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ে। গত বছরের ১৮ জুলাই করপোরেশনের নিরীক্ষায় আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলে। জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের তিন সদস্যের তদন্ত দল গত বছরের ২৬ জুলাই তদন্ত করে ব্যবস্থাপকসহ ১১ জনের সংশ্লিষ্টতা পায়। প্রধান কার্যালয় এ-সংক্রান্ত এক চিঠির মাধ্যমে গত বছরের ২৬ নভেম্বর ওই ১১ জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন অবসরে থাকায় ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রধান কার্যালয়ের নির্দেশে গতকাল মামলা করা হয়েছে বলে মামলার বাদী প্রথম আলোকে জানান।