জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান
খালেদ খান

বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনয়শিল্পী এবং নির্দেশক খালেদ খান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। খালেদ খানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী সংগীতশিল্পী মিতা হক।
খালেদ খান দীর্ঘদিন ধরে মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন। এ সমস্যার কারণে তাঁর শরীরের মাংসপেশি অকেজো হয়ে যায়। এতে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করতেন। গত সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
খালেদ খানের মেয়ে জয়িতা প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘গত সোমবার বিকেলে বাবা মালিবাগে চিকিত্সকের কাছে যান। সেখান থেকে ফেরার পথে তিনি শারীরিক সমস্যা অনুভব করেন। তাঁকে তত্ক্ষণাত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘ যানজটের কারণে তা সম্ভব হয়নি। রাস্তায়ই তাঁর রেসপিরেটরি অ্যাটাক হয়। এ সময় তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ে। একপর্যায়ে তিনি হূদরোগে আক্রান্ত হন। এর পর তাঁকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
খালেদ খানের অসুস্থতার খবর জানার পর গতকাল মুঠোফোনে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, ‘সোমবার রাতেই চিকিত্সকদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের কাছ থেকে কোনো আশার বাণী শুনিনি। খুব কষ্ট পাচ্ছি। যুবরাজ (খালেদ খানের ডাকনাম) ভিন্ন মাপের একজন শক্তিমান অভিনেতা। তাঁর সঙ্গে আর কারও তুলনা চলে না।’