জীবন যেন চলছে না

রানা প্লাজার আহত শ্রমিকদের সংসার যেন আর চলছেই না। তাঁরা বলছেন, এক বছর ধরেই তাঁরা পরিবারের ওপর ‘বোঝা’ হয়ে রয়েছেন। নিজেরা তো কাজ করতেই পারছেন না, উল্টো চিকিৎসা বাবদ খরচ হয়ে যাচ্ছে অনেক টাকা। ধারদেনায় জর্জরিত কতগুলো পরিবার। এখন তারা চেয়ে রয়েছে ক্ষতিপূরণের টাকার দিকে।
নিহত শ্রমিকদের পরিবারগুলো সাহায্য হিসেবে কিছু টাকা পেলেও এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি। অনেক নিহতের পরিবার ইতিমধ্যে সাভার ছেড়েছে।
সাভারের শ্রমিক-অধ্যুষিত এলাকাগুলোতে রানা প্লাজার আহত শ্রমিকদের পরিবারগুলোতে তীব্র অভাব। দেখা গেছে, কোনো কোনো শ্রমিক এখনো ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। কেউ আপাতত সুস্থ হয়ে উঠলেও ভারী বস্তু ওঠাতে পারেন না। অনেককে দীর্ঘ সময় পরিশ্রমের কাজ করতেও নিষেধ করে দিয়েছেন চিকিৎসকেরা। কেউ ‘গার্মেন্টস ছাড়া’ আর সব কাজ করবেন বলে এখনো কাজ খুঁজছেন। কিন্তু অসুস্থ শরীরে কোনো কাজই জুটছে না। প্রতিটি পরিবারই কষ্ট আর যন্ত্রণায় হাবুডুবু খাচ্ছে। জীবনসংগ্রামের মানসিক শক্তিও হারিয়ে ফেলেছেন তাঁরা।
রানা প্লাজা ধসে পড়ার সময় সেখানে কত লোক ছিলেন, তার হিসাবের গরমিল এখনো কাটেনি। সরকারি হিসাবে, ভবনধসের পর ঘটনাস্থল থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত অবস্থায় ও এক হাজার ১১৫ জনের লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পরে হাসপাতালে মারা যান। রানা প্লাজার দুজন উদ্ধারকর্মীও মারা যান। সব মিলিয়ে এক হাজার ১৩৪ জন নিহত হন। এখন সরকার বলছে, নিহতের সংখ্যা এক হাজার ১৩৫ জন। ৮৪৩টি লাশ উদ্ধারের পরপরই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানসুরা বেগমের তিন ছেলের মধ্যে দুই ছেলে আর দুই পুত্রবধূ রানা প্লাজায় কাজ করতেন। অভাবের তাড়নায় অর্ধযুগ আগে সাতক্ষীরা ছেড়ে ঢাকায় আসা পরিবারটি খেয়েপরে কিছু টাকা জমিয়ে চলছিল। কিন্তু রানা প্লাজা তাদের একেবারে পথে বসিয়েছে।
সোমবার দুপুরে মজিদপুরের ভাড়া ঘরে বসে মানসুরা বলেন, ‘সবাই মিলে কর্ম করি খুব

ভালো চলছিলাম। এহন চারডা মানুষ বেকার হইয়ে পইড়া রইছে। আমার সংসার আর চলবে ক্যামনে।’
মানসুরার বড় ছেলে শফিকুল ইসলাম, ছোট ছেলে হামিদুল ইসলাম, মেজো পুত্রবধূ সীমা বেগম ও ছোট পুত্রবধূ কোহিনূর আক্তার নিউ ওয়েভ স্টাইলে কোয়ালিটি ইন্সপেক্টর পদে কাজ করতেন। ভবন ভেঙে পড়ার পর পরিবারের সবাই যখন বেঁচে ফিরলেন, তখন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে অনেক প্রার্থনা করেছিলেন মানসুরা। কিন্তু এখন অভাব আর সন্তানদের শারীরিক যন্ত্রণায় কাতর তিনি।
এঁদের মধ্যে সবচেয়ে আহত ও অসুস্থ কোহিনূর। ভবন ধসে পড়ার সময় কোহিনূর অন্তঃসত্ত্বা ছিলেন। ভবনের নিচে চাপা পড়ে তাঁর গর্ভপাত হয়ে যায়। একই সঙ্গে মাথা, কোমরে ও পায়ে আঘাত পেয়েছিলেন কোহিনূর। এখন কোনো রকমে হাঁটতে ও দৈনন্দিন কর্মগুলো সারতে পারেন। বিশেষ ধরনের রাবারের বালিশ (টিউব কুশন) ছাড়া তিনি চেয়ারে বসতে পারেন না।
কোহিনূর বলেন, তাঁকে স্থায়ীভাবে মারাত্মক আহত হিসেবে বিবেচনা করে সাহায্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি যেহেতু সামান্য হাঁটতে পারেন, তাই তাঁকে সেই সাহায্য না দিয়ে একটি হুইলচেয়ার দিয়ে ফেরত পাঠানো হয়। কিন্তু তিনি হুইলচেয়ার ব্যবহার করেন না।
হাতে ক্ষত নিয়ে শফিকুল শুনছিলেন ভাইয়ের স্ত্রীর কথা। তাঁর ডান হাত আর ডান পায়ের ঊরুতে রড ঢুকে গিয়েছিল। সুঠামদেহী শফিকুলের হাত-পায়ের ক্ষতগুলো শুকিয়ে কালো হয়ে রয়েছে। তিনি বলেন, ‘আমারো তো মন চায় কিছু কর্ম করি। কিন্তু হাতের কারণে কিছুই করতে পারি না।’ রানা প্লাজা ধসের পর কিছুটা সুস্থ হয়ে শফিকুল সাতক্ষীরার কালীগঞ্জে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো কাজ না পেয়ে আবারও সাভারে এসেছেন।
শফিকুলের ছোট ভাই ও কোহিনূরের স্বামী হামিদুল তুলনামূলক সুস্থ। আতঙ্কের কারণে তিনিও পোশাক কারখানায় কাজ করতে চান না। হামিদুল ও কোহিনূর বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা পেয়েছিলেন, তাই দিয়ে এত দিন চলেছেন।
শফিকুলের মেজো ভাইয়ের স্ত্রী সীমা বেগমও একই কারখানায় কাজ করতেন। ধসে পড়ার সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। ছোট শিশু নিয়ে সীমাও কাজ করতে যেতে পারেন না। শুধু সীমার স্বামী সিরাজুল ইসলাম একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করে মাসে সাড়ে ছয় হাজার টাকা আয় করেন। তাই দিয়ে নয় সদস্যের পরিবারটির কিছুই হয় না।
মজিদপুরের একটি মাদ্রাসার রাঁধুনি আবদুল মান্নানের ছেলে, মেয়ে ও পুত্রবধূ রানা প্লাজায় কাজ করতেন। পুত্রবধূ রাশিদা বেগমের লাশ পেয়েছেন ১০ দিন পরে। ছেলে সাইফুল ইসলাম প্রায় অক্ষত অবস্থায় বের হতে পারলেও গুরুতর আহত হন মেয়ে মাজেদা বেগম। এই পরিবারটি রাশিদার মৃত্যুর জন্য সাহায্য হিসেবে এক লাখ টাকা পায়। মাজেদা আহত হয়ে ৪৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পেয়েছেন। রাশিদার টাকা তাঁর মা নিয়ে গেছেন।
১৬ বছরের কিশোরী শিউলি আক্তার পোশাক কারখানায় শিশু বয়সেই কাজ করতে ঢুকেছিল। রানা প্লাজায় ছাদ ভেঙে পড়ে মাথায় আঘাত পেয়েছিল শিউলি। মাথার দুই পাশে বিকট রকমের ক্ষত হয়। বুধবার শিউলিকে মজিদপুরের বাসাতেই পাওয়া যায়। শিউলি জানায়, সে আর তার মা আবেদা বেগমের সংসার এখনো সাহায্যের টাকাতেই চলছে। বিকাশের মাধ্যমে ৪৫ হাজার আর হাসপাতালে থাকার সময় ৫০ হাজার টাকার মতো সাহায্য পেয়েছিল। সেই সঙ্গে স্থানীয় একটি প্রতিষ্ঠান তাকে সেলাইয়ের প্রশিক্ষণ আর মাসে তিন হাজার করে টাকা দিচ্ছে। তাই দিয়ে চলছে সংসার।
শিউলিদের ভাড়া বাসার সামনের বাসাতেই থাকতেন আরও তিনজন রানা প্লাজার শ্রমিক। এঁদের তিনজনই নিহত হয়েছেন। একজন এখনো নিখোঁজ। নিহতদের একজন নুরুজ্জামানের মা নূরজাহান এখনো ওই ঘরে থাকেন। নূরজাহান বলেন, নুরুজ্জামানের বাবার নাম নিয়ে ভুলের জটিলতায় তিনি এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া টাকাটাও পাননি। শুধু লাশের সঙ্গে ২০ হাজার টাকা পেয়েছিলেন।