জীবন, যৌবন বন্দী করে কবিতার জন্ম
সিঙ্গাপুরে এক কবিতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিক বিকাশ নাথ। অভিবাসী শ্রমিকদের নিয়ে এই প্রতিযোগিতায় গত রোববার তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।
২২ বছর বয়সী বিকাশ সিঙ্গাপুরে একটি শিপইয়ার্ডে কাজ করেন। সারা দিন কাজে ব্যস্ত থাকলেও তাঁর মন পড়ে থাকে মাতৃভূমিতে। রাতে তাঁর স্বপ্নে ভিড় করে গ্রামবাংলার মেঠো পথ, উজ্জ্বল হলুদ সরষে ফুলসহ নানা কিছু। কিন্তু চাইলেই ফেরা হয় না দেশে। বিকাশের এই আবেগই কবিতা হয়ে জন্ম নেয়। প্রতিযোগিতায় তিনি তাঁর ‘কেন প্রবাসী’ কবিতার জন্য বিজয়ী হয়েছেন। কবিতাটিতে তাঁর লেখা একটি লাইন, ‘আমার জীবন, যৌবন এখন বন্দী’।
২০১৪ সাল থেকে সিঙ্গাপুরের কয়েকটি স্বেচ্ছাসেবক গ্রুপ এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। স্থানীয় পরামর্শক সংস্থা হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইকোনমিকস, ট্রানসিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু এবং আইডাহ প্রতিযোগিতাটির প্রচারের দায়িত্ব নিয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারি বিনা মূল্যে প্রতিযোগিতার স্থান ব্যবস্থাপনা করে।
এ বছর এ প্রতিযোগিতায় তামিল, চীনাসহ সাতটি ভাষার ৭০ জন প্রতিযোগী অংশ নেন। রোববার ঘোষণা করা হয় চূড়ান্ত তিন বিজয়ীর নাম। সিঙ্গাপুরে মার্কিন দূতাবাসের অর্থায়নে পুরস্কার দেওয়া হয়।