জীবন রক্ষাকারী ওষুধের মেয়াদ ভান্ডারেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ প্রায় ৩০ লাখ টাকা মূল্যের জীবন রক্ষাকারী ওষুধ পুড়িয়ে ধ্বংস করেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ ও দরিদ্র রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য সরকারিভাবে ওষুধগুলো সরবরাহ করা হয়েছিল।
এদিকে হাসপাতালের ব্যবহার-অযোগ্য মালামাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ নিরূপণবিষয়ক কমিটিতে উপস্থাপন করা ধ্বংসযোগ্য ওষুধের তালিকার সঙ্গে ভান্ডাররক্ষকের দেওয়া তালিকার বিস্তর ফারাক পাওয়া গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা জানান, ধ্বংস করা ওষুধের বেশির ভাগই অপারেশন থিয়েটারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিটি ওষুধই উচ্চ মূল্যের। সাধারণ ও দরিদ্র রোগীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে সরকারিভাবে এসব ওষুধ সরবরাহ করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ব্যবহার-অনুপযোগী চিকিৎসা উপকরণ ও আসবাব পুড়িয়ে ধ্বংস করে। এর আগে হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ, অন্তর্বিভাগের ছয়টি ওয়ার্ড, ওআরটি কর্নার ও এক্স-রে বিভাগ থেকে ব্যবহার-অনুপযোগী ওষুধের তালিকা তৈরি করে ওই কমিটির সামনে উপস্থাপন করা হয়।
সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান ওই কমিটির সভাপতি ও মাসুদ রানা সদস্যসচিব। ২৪ ডিসেম্বর মাসুদ রানার উপস্থিতিতে হাসপাতালের ভান্ডাররক্ষক হাদিউজ্জামান ১১ ধরনের ইনজেকশন ধ্বংস করা হয়েছে মর্মে একটি তালিকা দেন, যার বর্তমান মূল্য এক লাখ ৬৭ হাজার ২৭ টাকা। অথচ কমিটিকে দেওয়া তালিকা অনুযায়ী, ধ্বংসযোগ্য মোট ওষুধের মূল্য (স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া দর অনুযায়ী) সর্বমোট ২৯ লাখ ৫৮ হাজার ১৫২ টাকা ৪০ পয়সা। এর মধ্যে হাসপাতালের প্রধান ভান্ডারের তালিকাভুক্ত ৪৮ ধরনের ওষুধের মূল্য ২৮ লাখ ১৭ হাজার ২৭৪ টাকা ৪০ পয়সা এবং বহির্বিভাগের ভান্ডারের তালিকাভুক্ত নয় ধরনের ওষুধের মূল্য এক লাখ ৪০ হাজার ৮৭৮ টাকা।
কমিটিকে দেওয়া তালিকায় মেথারজিন ইনজেকশন এক হাজার ৪৮৫টি ধ্বংসযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। ভান্ডাররক্ষকের তালিকায় বলা হয়েছে, ২০০টি ধ্বংস করা হয়েছে।
একইভাবে বোর্ডের সামনে থাইপেন্টাল সোডিয়াম (টিপিএস) চার হাজার ৭৯০টি, ম্যাগ সালফেট দুই হাজার ২০০টি, ইফেনডিন এক হাজার ৫৫টি, নর কিউ ২৯০টি, ক্লক্সিসিলিন ছয় হাজার ৫৫০টি, পিটনস নয় হাজার, সাক্সা তিন হাজার ৬০০টি, নিওস্টিগ এক হাজার, আলট্রকন হেভি এক হাজার ৩৮০টি ধ্বংসের জন্য উপস্থাপন করা হলেও ভান্ডাররক্ষকের দেওয়া তালিকায় যথাক্রমে ৪০০টি, ৪৫০টি, ৪০০টি, ১৯০টি, ১০০টি, ১৮০টি, ৫০০টি, ৩০০টি, ২০টি ধ্বংস করার কথা উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান বলেন, ‘২০১০ থেকে এ পর্যন্ত মেয়াদোত্তীর্ণ সব ওষুধই ধ্বংস করা হয়েছে। তবে পরিমাণের বিষয়টি আমার সঠিক জানা নেই।’