জীবন রক্ষার সরঞ্জাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপন হাওলাদার ইলিশ মাছ ধরতে আগুনমুখা নদীতে জাল ফেলছিলেন। তাঁর সঙ্গে মাছ ধরার ট্রলারে ছিলেন পাঁচ জেলে। হঠাৎ ঝড়ে ট্রলারটি সাগর মোহনায় ডুবে যায়। এই ঘটনা গত ৮ সেপ্টেম্বর রাতের। ওই রাতেই পাঁচ জেলেকে অপর একটি ট্রলার উদ্ধার করে। পরদিন সকালে স্বপনের মরদেহ আগুনমুখা নদী থেকে উদ্ধার হয়।

এভাবে সাগরে বা সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে স্বপনের মতো অনেক জেলে অকালে প্রাণ হারান। স্থানীয় কয়েকজন জেলে বলেন, জীবনরক্ষাকারী সরঞ্জাম না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তবু পটুয়াখালী জেলার অনেক জেলে সংসার চালাতে জীবনের ঝুঁকি নিয়ে নদ-নদী ও সাগরে মাছ ধরছেন।

স্বপনের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নের কাউখালী গ্রামে। তাঁর বাবা হারুন মিয়া বলেন, ওই ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম ছিল না। তাই দুর্ঘটনায় পড়ে তলিয়ে যেতে হয়েছে স্বপনকে। বয়া কিংবা লাইফ জ্যাকেট থাকলে স্বপন নদীতে ভেসে থাকতে পারত।

মহিপুরের আলীপুর মৎস্য বন্দর ও রাঙ্গাবালী এলাকায় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এই অঞ্চলের মাছ ধরার ট্রলার ও ইঞ্জিন নৌকায় প্রয়োজনীয় সংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম নেই। তারপরও এই ট্রলারগুলো গভীর সাগরে গিয়ে মাছ শিকার করছে। ট্রলারগুলোতে জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রয়োজনীয় সংখ্যক রয়েছে কি না, তা তদারকিও করা হচ্ছে না। ফলে প্রতিবছরই মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটছে।

বছর মৌসুমের শুরু জুলাই থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী, কুয়াকাটাসংলগ্ন সাগরে অন্তত চারটি ট্রলারডুবির খবর গণমাধ্যমে এসেছে। দুজন জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলে ও ট্রলারমালিকেরা জানান, এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রলারগুলো দুর্ঘটনায় পড়লেও সে খবর তেমন প্রকাশ পায় না।

পটুয়াখালীর আলীপুর ও কুয়াকাটা ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা প্রথম আলোকে বলেন, ইলিশ মৌসুমে গত এক বছরে পটুয়াখালীসংলগ্ন বঙ্গোপসাগর ও সাগর মোহনায় অন্তত নয়টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে রাঙ্গাবালী এলাকা থেকে যাওয়া ট্রলারডুবিতে দুজন জেলে মারা গেছেন। অপর চারটি ট্রলার চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকার। এই চারটি ট্রলার কুয়াকাটাসংলগ্ন চর বিজয় এলাকায় ডুবে যায়। এখনো এগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইটিএ) পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, মাছ ধরার প্রতিটি ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক বয়া, লাইফ জ্যাকেট, র‌্যাপ (ভাসমান পাত্র), অগ্নিনির্বাপণ যন্ত্র, কম্পাস, রেডিও, প্রাথমিক চিকিৎসা বাক্স থাকতে হবে। মাছ ধরার ট্রলার তদারকির দায়িত্বে রয়েছে বিআইডব্লিইটিএ ও নৌপরিবহন অধিদপ্তর। পটুয়াখালীতে এর কার্যক্রম রয়েছে। এই দপ্তরের কর্মকর্তারা ট্রলারগুলো তদারকি করবেন।

মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের কয়েকজন জেলে অভিযোগ করেন, কোনো দিনই তাঁদের ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম রয়েছে কি না, তা কেউ জানতে আসেননি। মৎস্য বন্দরে ভোলার বোরহানউদ্দিনের জয়া গ্রামের জেলে হেজু মাঝি জানান, ৮ সেপ্টেম্বর রাতে সাগরে মাছ ধরার সময় ঢেউয়ের তোড়ে তাঁদের ট্রলার উল্টে যায়। সেখানে ১২ জন জেলে ছিলেন। সারা রাত সাগরে ভেসে ছিলেন তাঁরা। পরদিন সকালে অপর একটি ট্রলার নয়জনকে উদ্ধার করে গলাচিপার চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসে। নিখোঁজ অপর তিন জেলেকে বিকেলে উদ্ধার করা হয়। ট্রলারে পর্যাপ্ত বয়া ও লাইফ জ্যাকেট ছিল না। তাঁরা মাছ ধরার জালের সঙ্গে থাকা প্লাস্টিক ধরে ভেসে ছিলেন। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সাগরে মাছ ধরছেন। তবে প্রতিটি ট্রলারে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম থাকলে তাঁদের জীবনের ঝুঁকি অনেকটা কমে যাবে। আর এর জন্য সরকারের পক্ষ থেকে তদারকি দরকার বলে মনে করেন তিনি।

মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু বলেন, ‘জেলেরা তাঁদের জীবিকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান মাছ ধরতে। কিন্তু তাঁদের ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম প্রয়োজনীয় সংখ্যক রয়েছে কি না তা তদারকি করতে কাউকে দেখিনি। তবে ট্রলারে বয়া ও জ্যাকেট থাকলেও এগুলো ব্যবহারে তেমন আগ্রহী নন।’ তিনি আরও বলেন, তাঁদের এই বন্দরকেন্দ্রিক অন্তত পাঁচ হাজার ট্রলার রয়েছে। এসব ট্রলারের অন্তত এক লাখ জেলে সাগরে কিংবা নদ-নদীতে ইলিশ ধরছেন।