জীবন শঙ্কায় এক যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ পাইলস অস্ত্রোপচার করতে গিয়ে শরীরে রেখে দেওয়া নিডেলে জীবন শঙ্কার মধ্যে পড়েছে চট্টগ্রামের এক যুবক। নিডেল বের করার জন্য বারবার অস্ত্রোপচার ও চিকিৎসা করে ব্যর্থ হন চট্টগ্রামের দুই চিকিৎসক। এক মাস পর গত ২ জুলাই ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে বাঁকা সুচ (অস্ত্রোপচার কাজে ব্যবহূত নিডেল) বের করা হলেও তাঁর মাংসে পচন ধরেছে।ভুক্তভোগী ওই যুবকের নাম আমিনুল ইসলাম। নগরের জিইসি মোড়ের বাসিন্দা আমিনুল ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেছেন। ব্যথায় কাতর এই যুবকের এখন দিন কাটে বিছানায় শুয়ে ছটফট করতে করতে। আগামী সপ্তাহে কলকাতার অ্যাপোলো হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করার কথা রয়েছে। গত ৩০ মে চট্টগ্রামের রয়েল হাসপাতালে আমিনুলের পাইলস অস্ত্রোপচার করেন মো. সুরমান আলী। এ জন্য হাসপাতালের ১৩ হাজার টাকা বিলের বাইরেও সুরমান আলী নগদ ১০ হাজার টাকা নেন রোগীর অভিভাবক থেকে।আমিনুলের মা দেলোয়ারা বেগম বলেন, ‘আধা ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারবে বলে সুরমান আলী আমার ছেলের অস্ত্রোপচার করেন। এর আগে অস্ত্রোপচারের জন্য তিনি আমাদের দিয়ে ১৮ হাজার টাকা দিয়ে একটি মেশিনও কেনান। কিন্তু অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরলে আমার ছেলে ব্যথায় কাতরাতে থাকে। সে বারবার বলছিল, মনে হচ্ছে ভেতরে কিছু একটা রয়ে গেছে। ডাক্তারদের বলো, আমার ব্যান্ডেজ খুলে দিতে। পরে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়।’ জানা গেছে, অস্ত্রোপচার শেষে রোগীর কিছু রয়ে গেছে—এমন অভিযোগের পরও চিকিৎসকেরা তাঁর কোনো এক্স-রে করে দেখেননি। এভাবে ব্যথায় কাতরালেও চিকিৎসকেরা কর্ণপাত করেননি। বরং ৩১ মে তাঁকে রয়েল হাসপাতাল থেকে বাসায় চলে যেতে বলা হয়।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডা. সুরমান আলী প্রথম আলোকে টেলিফোনে বলেন, ‘অস্ত্রোপচারের সময় ভুলবশত এই নিডেলটি সুতা ছিঁড়ে ভেতরে রয়ে গেছে। আমি প্রতিদিন অনেকের অস্ত্রোপচার করি। দুই-একটা ক্ষেত্রে এটা হতে পারে। তবে ওই সুচ হাইলি মেডিকেটেড। ওটাতে তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবে আমিনুল এখন দুর্ভোগ পোহাচ্ছেন বলে শুনেছি।’আমিনুলের মা দেলোয়ারা বেগম বলেন, ‘চট্টগ্রামে বারবার অস্ত্রোপচার হাসপাতালে ভর্তি, ওষুধ ইত্যাদি মিলে আমার দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। পরে বাধ্য হয়ে কলকাতায় গেছি। আমার ছেলের এই অবস্থার জন্য আমি সুরমানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাব।’