জীবনগঞ্জ এখনো থমথমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মধ্যবর্তী এলাকা জীবনগঞ্জ বাজারে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পর এখনো এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসেনি। গত শনি ও রোববার নবীনগরে বাড্ডা ও বাঞ্ছারামপুরের দরিকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে ওই সংঘর্ষ হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংঘর্ষের পাঁচ দিন পরও সেখানকার বাসিন্দাদের মধ্যে অজানা ভীতি কাজ করছে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যাংক, বিমা ও এনজিও কার্যালয়সহ দেড় শতাধিক দোকান এখনো বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় স্কুল, কলেজ ও হাটবাজার। এতে হাজার হাজার এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।মতি মিয়া, দীলিপ দেব, মান্নান মিয়াসহ কয়েকজন বাসিন্দা জানান, বাজারটি বন্ধ থাকায় দৈনন্দিন কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার করা নিয়ে তাঁরা বিপদে পড়েছেন। তাঁরা বলেন, ভয়ে কেউ বাজারে যেতে সাহস করে না। লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেন, সংঘর্ষে বাজারের অর্ধশতাধিক দোকানে ভাঙচুর ও লুট হয়েছে। তাঁদের মতে, ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে।নবীনগরের উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার বলেছেন, দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আগামী রোববার বিষয়টি মীমাংসা করার জন্য তাঁরা একটি সালিসি বৈঠকে বসবেন। এতে তিনি নিজে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়ীয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাংসদ ক্যাপ্টেন (অব) এ বি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) নিকুলিন চাকমা প্রথম আলোকে বলেন, ‘বিচার মীমাংসার বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই। দুই পক্ষ থেকে মামলা করা হয়েছে। দুটি মামলাই স্বাভাবিক গতিতে চলবে। পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে।প্রসঙ্গত, কয়েক হাজার লোকের সংঘর্ষে দুই থানার ওসি ও ২০ পুলিশ সদস্যসহ উভয় গ্রামের দেড় শতাধিক লোক আহত হয়।