জীবননগর ও আদমদীঘিতে গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪ নেতা-কর্মী এবং বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টির সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জিআরপি ও জীবননগর থানা-পুলিশ শুক্রবার ভোর থেকে গতকাল ভোর পর্যন্ত টানা ২৪ ঘণ্টা যৌথভাবে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, বুধবার রাতে চুয়াডাঙ্গা-খুলনা রেলপথে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ছয় আনসার সদস্য আহত হন। ওই ঘটনায় আনসার সদস্য মনসুর আলী বাদী হয়ে বৃহস্পতিবার পোড়াদহ জিআরপি থানায় অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টির সন্দেহে শুক্রবার রাতে আদমদীঘি থানা-পুলিশ সান্তাহার থেকে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। থানা-পুলিশ জানায়, নওগাঁর এনায়েতপুর গ্রামের এরশাদ (৩০), একই গ্রামের আতোয়ার হোসেন (৩৮) ও মনজু সোনারকে (৬৪) সন্দেহভাজন হিসেবে সান্তাহার শহরের স্টেশন এলাকা থেকে আটক করা হয়। থানার ওসি নজরুল ইসলাম জানান, তঁদের গ্রেপ্তার করে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়।