জীবননগরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার বাঁকা আঁশতলা গ্রামের মিলন বিশ্বাসের বাড়িতে ডাকাতি করার সময় গ্রামবাসীর পিটুনিতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত এবং এক ডাকাত আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের কোপে গৃহকর্তা ও তাঁর ভাই আহত হন। নিহত ব্যক্তিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কাকমারী গ্রামের আনারুল ইসলাম ওরফে ভুলু (৩৫) ও মাগুরার নয়ন (২৭)। আহত তিনজন হলেন গৃহকর্তা মিলন বিশ্বাস (২৭) ও তাঁর বড় ভাই হায়দার আলী (৩৫) এবং ডাকাত সদস্য আঁশতলা গ্রামের আফাজ উদ্দিন (৩৫)। গৃহকর্তার ভাই বাঁকা আঁশতলা গ্রামের রিপন হোসেন জানান, মঙ্গলবার ভোরে একদল ডাকাত মিলন বিশ্বাসের বাড়ির একটি ঘরের দরজা ভেঙে ডাকাতি শুরু করে। বিষয়টি বুঝতে পেরে অপর ভাই হায়দার আলী ডাকাত সদস্য আফাজউদ্দিনকে জাপটে ধরে চিত্কার দেন। এ সময় অন্য দুই ডাকাত সদস্য তাঁদের সঙ্গীকে ছাড়িয়ে নিতে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে গৃহকর্তা মিলন বিশ্বাস ও তাঁর ভাই হায়দার আলী আহত হন। এরপর গ্রামবাসী সংগঠিত হয়ে ডাকাত দলের সদস্যদের গণপিটুনি দিলে তিন ডাকাতই গুরুতর আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুই ডাকাত মারা যান। জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) গাজী আবদুর রহমান নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।