জীবননগরে দুই ঘণ্টা ট্রেন অবরোধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনে গতকাল মঙ্গলবার ট্রেন অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
তিন দফা দাবি আদায়ে আনসারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল নয়টা থেকে প্রায় দুই ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়। এতে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে সহস্রাধিক লোক অংশ নেন।
দাবিগুলো হলো প্রেষণে যশোরে থাকা স্টেশনমাস্টারকে নিজ দায়িত্বে বহাল রাখাসহ আনসারবাড়িয়া স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু, এখানে আন্তনগর সব ট্রেনের যাত্রাবিরতি ও শতবর্ষী এই স্টেশনের আধুনিকায়ন। কর্মসূচি পালন শেষে সংগ্রাম কমিটি জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।
কর্মসূচি চলাকালে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-চাঁপাইনবাগঞ্জ পথে সব ট্রেন চলাচল বন্ধ ছিল। অবরোধের মুখে এসব ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অবরোধের কারণে এসব পথের ট্রেনগুলোর চলাচলের সময় বিপর্যয় ঘটে।
অবরোধ চলাকালে সংগ্রাম কমিটির সভাপতি হাবিবুর রহমানসহ মহসীন আলী খান প্রমুখ বক্তব্য দেন। বেলা ১১টার দিকে জীবননগরের ইউএনও সাজেদুর রহমান দাবি পূরণে রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।