জীবননগরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার ওই এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার বাসস্ট্যান্ডসহ আশপাশে সওজের জমি দখল করে বিভিন্ন সময়ে অবৈধভাবে ওই পাঁচ শতাধিক দোকান ও প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এসব স্থাপনা সরিয়ে নিতে গত বুধবার সওজের পক্ষ থেকে মাইকিং করে গত শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ঘোষিত সময়ের মধ্যে দখলদারদের কেউ কেউ স্থাপনা সরিয়ে নিলেও অনেকের অবৈধ স্থাপনা সেখানে থেকে যায়। সওজ কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতায় গতকাল অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানে নামে। সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই অভিযান চলে। এ সময় ইউএনও নুরুল হাফিজের নির্দেশে বুলডোজার দিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ, সওজ চুয়াডাঙ্গার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সওজের প্রায় ১০০ বিঘা জমি উদ্ধার হয়েছে।
এ ব্যাপারে ইউএনও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে।