চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ছাত্রলীগের তিনজন নেতাকে মারধর করার জের ধরে জীবননগর-কালীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করে রাখায় বহু যানবাহন আটকা পড়ে। ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জীবননগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, সহসভাপতি সাজু আহমেদ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং সাহেব আলী নামের এক সাধারণ যাত্রীকে পরিবহন শ্রমিকেরা মারধর করেছে। উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, গত বুধবার রাতে জেআর পরিবহনের একটি বাসে ঢাকা থেকে জীবননগরে আসার সময় কালিগঞ্জে পরিবহন শ্রমিকেরা তাঁদের মারধর করে। পরে সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাসটি জীবননগরে আটকে সেটির দরজা-জানালার কাচ ভাংচুর করেন এবং জীবননগর-ঢাকা যাত্রাপথের বাস চলাচল বন্ধ করে দেন। সকাল ১০টায় জীবননগর ডিগ্রি কলেজ থেকে ছাত্রলীগের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। জীবননগর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। বিষয়টি মীমাংসা করতে একটি বৈঠক হয়। স্থানীয় মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও ছাত্রলীগের নেতারা এতে অংশ নিলেও শেষ পর্যন্ত তা মীমাংসা ছাড়াই শেষ হয়।