জীবননগরে বোমা হামলায় ইটভাটার মালিক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গতকাল সোমবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় নাসির উদ্দিন (৬০) নামের এক ইটভাটার মালিক নিহত হয়েছেন।নিহত নাসির উদ্দিন উপজেলার দেহাটি গ্রামের ‘সরকার’ ইটভাটার মালিক। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাশিপুর গ্রামে। নিহতের পরিবারের ভাষ্যমতে, গতকাল রাতে এশার নামাজ শেষে নাসির উদ্দিন ইটভাটার অফিসে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। বিস্ফোরণের শব্দ পেয়ে শ্রমিকেরা তাঁর কক্ষে যান এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর শ্রমিকেরা তাঁকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। যশোর যাওয়ার পথে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় পৌঁছালে নাসির উদ্দিনের বড় ছেলে বাপ্পী তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাত নয়টার দিকে নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।