তিন দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রায় সাত হাজার একর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারত সীমান্তঘেঁষা সীমান্ত ইউনিয়নের কৃষকেরা। ক্ষতিগ্রস্ত ফসলের ৬০ শতাংশই এই ইউনিয়নে।
উপজেলায় টানা বর্ষণে পানির নিচে তলিয়ে আউশ, আমন ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন করে প্রবল বৃষ্টি না হলে ক্ষতিগ্রস্ত ফসলের ২৫ থেকে ৩০ শতাংশ টিকে যেতে পারে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দিনগুলোতে আরও বৃষ্টিপাত হতে পারে।
ঈদের দিন থেকে তিন দিনের (শনি-সোমবার) বৃষ্টিতে উপজেলার ছয়টি ইউনিয়নের সব কটিতেই ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী এতে উপজেলায় ১ হাজার হেক্টর (সাড়ে সাত বিঘায় এক হেক্টর) আউশ, ৮৫০ হেক্টর আমন ও ৮৫০ হেক্টর সবজি পানির নিচে তলিয়ে গেছে।
গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের সীমান্ত ইউনিয়নের গয়েশপুর, বেণীপুর, মেদিনীপুর, চ্যাংখালীসহ ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে মাঠের পর মাঠ পানির নিচে তলিয়ে গেছে।
মেদিনীপুর গ্রামের বর্গাচাষি মিজানুর রহমান বলেন, ‘ধান লাগাইনোর জন্যি দুই বিগে জমি ১০ হাজার ট্যাকায় লিজ নিয়ে আউশ ধান লাগিয়েলাম। জমি চাষ, পাতু (ধানের চারা), সার মিলে আরও ১০-১২ হাজার ট্যাকা খরজ হয়েলো। ধাই ধাই করে ধানের গাছউ বাইড়ে উটচোলো। কিন্তু ভন্না (প্রবল বৃষ্টি) সব শেষ করে দিয়েচে। আমার কষ্টের ধান অ্যাকন কোমর পানির নিচি।’ এ ছাড়া গয়েশপুর গ্রামের আবুল কালাম, বেণীপুর গ্রামের রবিউল ইসলাম, চ্যাংখালীর ফজলুর রহমানসহ এলাকার কৃষকদের একই রকম সমস্যা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জীবননগর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ছয় হাজার হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। যার মধ্যে ১ হাজার হেক্টর এখন পানির নিচে। এ ছাড়া ৩ হাজার ৫০০ হেক্টর জমির আমন ধানের মধ্যে ৮৫০ ও ২ হাজার হেক্টর সবজির মধ্যে ৮৫০ হেক্টর পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে বিজিবি-৬ চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান গতকাল শুক্রবার জানান, উপজেলায় বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত ৩৪ দশমিক ৫ কিলোমিটার। নিয়ন্ত্রিত এলাকাসমূহ বিজিবি সদস্যরা এত দিন হেঁটে টহল দিতেন। কিন্তু এর মধ্যে ৪০ ভাগ এলাকায় এখন প্রায় কোমরপানি। এ কারণে এখন নৌকায় করে টহল দিতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ গতকাল জানান, নতুন করে বৃষ্টিপাত না হলে ১৫ দিনের মধ্যে জমি থেকে পানি সরে যাবে। ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পমেয়াদি ধান ব্রি-৬২ ও বিনা-৭ আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে।