জীবননগরে সেনা মোতায়েন দাবি ৩ মেয়র পদপ্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, ভোট প্রদানে বাধাদান এবং সহিংস ঘটনার আশঙ্কায় তিনজন মেয়র পদপ্রার্থী ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গত রোববার নির্বাচন কমিশনে লিখিতভাবে আবেদন করেন তাঁরা। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে এই আবেদন জানান তাঁরা। আবেদনকারীরা হলেন চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী নোয়াব আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো. আবদুল লতিফ ও বিএনপির একাংশের মনোনীত প্রার্থী শাহজাহান কবীর।