জীবননগরে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসন পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে। ৪০ ঘণ্টার মাথায় গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে তা প্রত্যাহার করা হয়। তবে গোটা পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
গত শনিবার আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষের কারণে উত্তেজনাকর পরিস্থিতিতে ওই দিন রাত আটটায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
এদিকে শনিবারের ওই সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার আরও তিনটি মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
জীবননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান যুবলীগের সদস্য) মো. কামরুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আতিকুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক (বর্তমান যুবলীগের সদস্য) খায়রুল বাশার তিনটি মামলা করেন। এদের মধ্যে কামরুজ্জামান ও আতিকুজ্জামান হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের সমর্থক এবং খায়রুল বাশার সাংসদ মো. আলী আজগারের সমর্থক হিসেবে পরিচিত।
আসামিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।