জীবনভর দেখিয়েছেন আলোর পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন ও মৃত্যুর কয়েক দিনের লড়াই শেষে ৮৮ বছর বয়সে শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। তিনি এমন একজন মানুষ, যাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কিছুতেই পূর্ণ হওয়ার নয়। ছয় দশকেরও বেশি সময় ধরে তাঁর প্রজ্ঞা ও উদ্যোগে দেশের শিক্ষাক্ষেত্র সমৃদ্ধ হয়েছে; তাঁর রুচি ও সৃষ্টিশীল তৎপরতায় সংস্কৃতি হয়েছে স্নিগ্ধ।অধ্যাপক মুরশিদের প্রধান পরিচয় তিনি শিক্ষক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে অনুপ্রাণিত করেছেন অজস্র গুণী ছাত্রকে। ইংল্যান্ডের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলেন। পরে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। পোল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে। একই সময় পালন করেছেন হাঙ্গেরির রাষ্ট্রদূতের দায়িত্বও। ছিলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব। ১৯৮৪ সালে অবসর নেওয়ার পর ২০০৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। ১৯২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। বাবা আলী আহমদ খান প্রথমে অবিভক্ত বাংলার এবং পরে পূর্ব পাকিস্তানের ব্যবস্থাপনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মুসলিম লীগ করতেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে নিজের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক পূর্ব বাংলাকে পাকিস্তানি স্বৈরাচারবিরোধী আন্দোলনের শাণিত অস্ত্রে পরিণত করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জর্জ হাইস্কুল থেকে ১৯৩৯ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ফেনী সরকারি কলেজ ও কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ পার হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। ১৯৪৮ সালে এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেই যোগ দেন প্রভাষক হিসেবে। প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পরের বছর অধ্যাপক মুরশিদ নিজের সম্পাদনায় প্রকাশ করেন ইংরেজি সাময়িকপত্র নিউ ভ্যাল্যুজ। ১৯৫১ সালে প্রতিষ্ঠাতা-সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুরশিদ প্রগতিশীল সাংস্কৃতিক গোষ্ঠী ‘সংস্কৃতি সংসদ’-এর সূচনা করেন। পাকিস্তান লেখক সংঘের পূর্বাঞ্চল শাখার তিনি সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা। ১৯৬১ সালে রবীন্দ্র-জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার সময় তাঁর নেতৃত্বেই শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রবর্তনের প্রস্তাবনা ও অবকাঠামো তৈরির প্রক্রিয়া। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের অন্যতম নীতিনির্ধারক ও পরিকল্পনাকারী। আইউব খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী হিসেবে তিনি উপস্থিত থাকতেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের একজন সদস্য হিসেবে তাঁর ভূমিকা ছিল উজ্জ্বল।মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে প্রতিষ্ঠা করেছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ। বিশিষ্ট গবেষক গোলাম মুরশিদের মতে, ‘খান সারওয়ার মুরশিদ সত্যিকার একজন যোগ্য আত্মমর্যাদাসম্পন্ন উপাচার্য কী করতে পারেন, তার দৃষ্টান্ত রেখেছিলেন।’ উপাচার্যের দায়িত্ব ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছিল রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে। ১৯৮৩ সালে দেশে ফিরে তিনি আবার যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।অধ্যাপক মুরশিদ নাগরিক সমাজের পক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শহীদ জননী জাহানারা ইমাম যে গণতদন্ত কমিশন গঠন করেছিলেন, তিনি তাঁর সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। খান সারওয়ার মুরশিদ রচিত একমাত্র বই কালের কথা। তবে পাকিস্তান ও বাংলাদেশ এই দুই আমলে সমকালীন বাংলা সাহিত্য নিয়ে তিনি দুটি পাণ্ডিত্যপূর্ণ সেমিনারের আয়োজন করেন। এ দুই সেমিনারের ওপর ভিত্তি করে তিনি দুটি সংকলনও সম্পাদনা করেন। নিউ ভ্যাল্যুজ সম্পাদনার ১৭ বছরে সাহিত্য-সংস্কৃতি ছাড়াও সমকালীন বহু সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তিনি ইংরেজি প্রবন্ধ লিখেছেন। ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১১), জাহানারা ইমাম স্মৃতিপদক (২০০৬) ও কণ্ঠশীলন পুরস্কারে (২০০৮) ভূষিত হয়েছেন।