জীবনযাত্রা পরিবর্তনে ভূমিকা রাখছে নসিমন-করিমন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

গ্রামীণ জীবনযাত্রার মান পরিবর্তনে নসিমন-করিমনের মতো যানবাহন ভূমিকা রাখছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এ ধরনের অটোরিকশার অবাধে চলাচল ও তার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি তিনি মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অটোরিকশা-অটো টেম্পো মালিক-চালক সংগ্রাম পরিষদ আয়োজিত এক জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘গ্রামের কৃষকেরা তার উৎপাদিত পণ্য এই নসিমন-করিমনে যানবাহনের মাধ্যমে দ্রুত বাজারজাত করতে পারছে। যার ফলে গ্রামের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে।’ তিনি বলেন, ‘হরতাল-অবরোধ ও আগুন সন্ত্রাসের সময় যখন বাস-ট্রাক বন্ধ ছিল তখন এই নসিমন-করিমন গ্রামীণ অর্থনীতির চাকা সচল রেখেছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, মহাসড়কের পাশে তিন চাকার গাড়ি চলাচলের জন্য জায়গা রাখতে। তিনি আমাকে বলেছেন, মহাসড়কের পাশে কীভাবে তিন চাকার যান চলাচল করানো যায় সেটাও তিনি চিন্তা করছেন।’ 

সরকারকে উদ্দেশ্য করে ইনু বলেন, ‘আপনারা যেহেতু নসিমন-করিমনকে রাস্তায় চলাচলের জন্য লাইসেন্স দিয়েছেন। যদি রাস্তায় চলাচল করতে না দেন, তাহলে লাইসেন্স দিলেন কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে নসিমন-করিমনও বিশেষ ভূমিকা রাখছে।’
সংগঠনের আহ্বায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে জাতীয় কনভেনশনে আরও বক্তব্য রাখেন সাংসদ নাজমুল হক প্রধান, বাম নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।