জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। গত জুনে একজন ভোক্তাকে ১০০ টাকার পণ্যের জন্য ব্যয় করতে হত ১০৬ টাকা ৯৭ পয়সা। জুলাইয়ে ওই ব্যয় বেড়ে হয়েছে ১০৭ টাকা ৪ পয়সা। অর্থাত্ জুনের চেয়ে জুলাইয়ে এসে ১০০ টাকার পণ্যের জন্য একজন ভোক্তাকে ৭ পয়সা বেশি ব্যয় করতে হয়েছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস মূল্যস্ফীতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, সেটি বিশ্লেষণ করে এই হিসাব পাওয়া গেছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসির সম্মেলনকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এই তথ্য প্রকাশ করেন। এ সময় বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল তাঁর সঙ্গে ছিলেন।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে দেশে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। জুলাইয়ে সেটি বেড়ে হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ।

মূল্যস্ফীতির মাধ্যমে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বা জীবনযাত্রার ব্যয়ের হিসাব করা হয়। টাকার মান অপরিবর্তিত থাকার পরও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার মানে হলো, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর মূল্যস্ফীতি কমে যাওয়ার মানে হলো জীবনযাত্রার ব্যয় কমেছে।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। অর্থবছরের প্রথম মাসে সেটি লক্ষ্যমাত্রার চেয়ে উঁচুতেই রয়েছে।

বিবিএস বলছে, পরিধেয় বস্ত্রা, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি সামগ্রী, চিকিত্সাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ খাদ্য-বহির্ভূত খাতের বিভিন্ন দ্রব্যের দাম বেড়েছে। এ কারণে মূল্যস্ফীতির হারও বেড়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, জুনে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। জুলাইয়ে সেটি বেড়ে হয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। তবে খাদ্যে মূল্যস্ফীতি এ সময়ে কমেছে। জুনে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮ শতাংশ, জুলাইয়ে তা কমে হয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ।

গত জুলাইয়ের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতর। ঈদকে ঘিরে পোশাক ও গৃহসজ্জার নানা পণ্যের বাজার ছিল বেশ সরগরম।