জীবনযাত্রার ব্যয়ে ঢাকার অবস্থান ৭১তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শহরগুলোতে জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে ঢাকার অবস্থান ৭১তম। এটা কানাডার বৃহত্তম শহর মন্ট্রিলের সমান।
যুক্তরাজ্যের অর্থনীতি-বিষয়ক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বের মোট ১৩৩ শহরে জীবনযাত্রার ব্যয়ের ওপর এই গবেষণা করা হয়। গবেষণা হয়েছে শহরগুলোতে ডলারের মূল্য যাচাই করে। ঢাকায় গবেষণাটি করা হয় মূলত প্রবাসী এবং বিদেশ থেকে নিয়মিত যাতায়াতকারী ব্যবসায়ীদের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে।
ঢাকা এবং মন্ট্রিলের চেয়ে মেক্সিকো সিটি, ক্লিভল্যান্ড এবং ইস্তাম্বুলের জীবনযাত্রার ব্যয় কম বলে গবেষণায় বলা হয়।
গবেষণা অনুযায়ী বিশ্বে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি সিঙ্গাপুরে। এরপর রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, হংকং, জেনেভা, প্যারিস ও লন্ডন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সর্বোচ্চ ১০টি শহরের মধ্যে রয়েছে।
ঢাকার জীবনযাত্রার ব্যয়ের তালিকায় ৭১তম হওয়ার বিষয়ে মন্তব্য জানতে গত বুধবার রাতে অর্থনীতিবিদ আনু মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, এখানে দেখতে হবে গবেষণায় ঢাকায় বিত্তবান অথবা কাদের ‘স্যাম্পল’ হিসেবে নেওয়া হয়েছে। সাধারণত কাদের ওপর ভিত্তি করে গবেষণা চালানো হয়েছে, এ ক্ষেত্রে তার ওপরই বিভিন্ন শহরের অবস্থান নির্ভর করে।
আনু মুহাম্মদ বলেন, আন্তর্জাতিক গবেষণায় অনেক সময় কাদের ওপর জরিপ চালানো হয়েছে, তাদের কাছে করা প্রশ্নের ধরন কী ছিল—এসব বিস্তারিত বলা হয় না। এ জন্য ঝামেলাও বাধে।