জীবনযাত্রার মানে ঢাকা ২১৪তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ২৩০টি শহরের মধ্যে জীবনযাত্রার মানের দিক থেকে ঢাকার অবস্থান ২১৪তম। এই তালিকায় সবার ওপরে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান মার্সার প্রকাশিত ‘কোয়ালিটি অব লিভিং র‍্যাঙ্কিং ২০১৬’ শীর্ষক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। জরিপটি মঙ্গলবার মার্সারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জরিপে জীবনযাত্রার মান নির্ধারণে শহরে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
ভিয়েনার পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিখ, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ, কানাডার ভ্যাঙ্কুভার, জার্মানির ডুসেলডর্ফ ও ফ্রাঙ্কফুর্ট, সুইজারল্যান্ডের জেনেভা, ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার সিডনি।
জরিপ অনুয়ায়ী, ব৵ক্তিগত নিরাপত্তা সবচেয়ে কম ইরাকের রাজধানী বাগদাদে, জীবনযাত্রার মানও সবচেয়ে কম। ফলে এই শহরটির অবস্থান ২৩০তম। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে ২২৯তম, তবে জীবনযাত্রার মানে ২২৪তম। জীবনযাত্রার মানে ২২৯তম অবস্থানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাঙ্গুই, ২২৮তম ইয়েমেনের সানা, ২২৭তম হাইতির পোর্ট অব প্রিন্স, ২২৬তম সুদানের খার্তুম, ২২৫তম অবস্থানে চাদের রাজধানী এনজামিনা।
দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর (১৩২)। এর পরে রয়েছে ভারতের হায়দরাবাদ (১৩৯), পুনে (১৪৪), বেঙ্গালুরু (১৪৫), চেন্নাই (১৫০), মুম্বাই (১৫২), কলকাতা (১৬০) ও নয়াদিল্লি (১৬১)। পাকিস্তানের ইসলামাবাদ ১৯৩, লাহোর ১৯৯ ও করাচি আছে ২০২তম অবস্থানে।
২০১৫ সালের সেপ্টেম্বর ও নভেম্বরে এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপে জীবনমানের মূল্যায়ন করা হয়েছে শহরের ৩৯টি বিষয়কে বিবেচনায় রেখে। এই ৩৯টি বিষয়কে আবার ১০টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
জরিপে মূল্যায়িত সামাজিক ও রাজনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিবেশের মধ্যে ব্যাংকিং সুবিধা ও মুদ্রা বিনিময়ে শর্ত, সাংস্কৃতিক পরিবেশের মধ্যে গণমাধ্যমের উপস্থিতি ও বিধিনিষেধ এবং ব্যক্তিস্বাধীনতার সীমাবদ্ধতা, চিকিৎসা ও স্বাস্থ্য, স্কুল ও শিক্ষা, গণপরিবহন ও যোগাযোগব্যবস্থা, বিনোদন, গৃহায়ণ ও আবাসনব্যবস্থা এবং শহরের প্রাকৃতিক পরিবেশ। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের ৪৪০টি শহরের তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। পরে ২৩০টি শহর নিয়ে মূল তালিকা তৈরি করা হয়।