সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান মিলন সম্পর্কে বলেছেন, তিনি সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার জোরে পেশায় অসাধারণ হয়ে উঠেছিলেন। সাংবাদিকতার মতো একটি পেশায় যে নির্মোহ থাকা যায়, মহত্ত্ব অর্জন করা যায়, তার একটি উদাহরণ তিনি।
গতকাল শনিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনারকক্ষে হাবিবুর রহমান মিলনের স্মরণসভায় সমকাল সম্পাদক এ কথা বলেন। হাবিবুর রহমান মিলন ১৩ জুন দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক ছিলেন পিআইবির চেয়ারম্যান ও ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক।
স্মরণসভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, হাবিবুর রহমান মিলন চাপের কাছে কখনো নতি স্বীকার করেননি। তিনি সত্য-অসত্যের ভেতরে রেখা টানতে পারতেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।