জীবনযুদ্ধে জয়ী আনোয়ার
ডান পায়ে চাপ দিয়ে মোটরসাইকেলের ইঞ্জিন চালু করতে হয়। কিন্তু গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বদলাগাড়ি গ্রামের আনোয়ার হোসেনের (৩৭) সেই ডান পায়ের অর্ধেক অংশই নেই। তিনি ডান হাত দিয়েই ইঞ্জিন চালু করেন। প্রতিদিন ১০ কিলোমিটার দূর থেকে মোটরসাইকেলে করে মালামাল বহন করে তিনি তাঁর দোকানে আনেন। সেখানে ঝালাই কাজ করে ও বিভিন্ন যানবাহনের ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ বিক্রির ব্যবসা করেন তিনি। তিনি এখন জীবনসংগ্রামে জয়ী একজন স্বাবলম্বী মানুষ।
আনোয়ারের পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার সাদুল্যাপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি ও গাইবান্ধা সরকারি কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। অনেক চেষ্টা করেও চাকরি পাননি। বাধ্য হয়ে ২০০০ সালে পার্শ্ববর্তী ইদ্রাকপুর বাজারে জায়গা ভাড়া নিয়ে ঝালাইয়ের দোকান দেন। ২০০১ সালে তিনি বিয়ে করেন। দোকানের আয় দিয়ে ভালোভাবেই সংসার চলছিল। প্রতিদিন মোটরসাইকেলে ১০ কিলোমিটার দূরে অবস্থিত জেলা শহর থেকে দোকানের মালামাল এনে ব্যবসা করতেন। কিন্তু ২০০৩ সালের ১১ মার্চ তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে তাঁর ডান পা কেটে ফেলতে হয়েছে। পা হারিয়ে তিনি দুই বছর বেকার ছিলেন। ২০০৫ সালে পুনরায় ঝালাইয়ের ব্যবসা শুরু করেন। ডান পা নেই, তবু তিনি প্রতিদিন জেলা শহর থেকে মোটরসাইকেলে মালামাল বহন করছেন। এ ব্যবসার আয় দিয়ে তিনি ঝালাই ব্যবসার পাশাপাশি ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ বিক্রি শুরু করেন। দোকানের নাম দেন ‘সততা মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’। আগে এই ব্যবসা থেকে আয় হতো মাসিক পাঁচ-ছয় হাজার টাকা। এখন মাসিক আয় গড়ে ৩০ হাজার টাকা। এ আয় দিয়ে সাত সদস্যের সংসার চলছে। এক বিঘা জমিও কিনেছেন। এ ছাড়া তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এখন ১০ লাখ টাকার মালামাল রয়েছে। এলাকার মানুষ তাঁকে সামাজিক মর্যাদা দিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ইদ্রাকপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার বলেন, ‘বিদ্যালয়ের সামনেই আনোয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি খুবই পরিশ্রমী। তাঁকে কখনো বসে থাকতে দেখিনি। নিজেই মোটরসাইকেলে দোকানের মালামাল বহন করেন। কখনো নিজেই ঝালাইয়ের কাজ করেন, কখনো যন্ত্রাংশ বিক্রিতে ব্যস্ত থাকেন। এমনকি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করে পাঁচজন শ্রমিক জীবিকা নির্বাহ করছেন।’
আনোয়ারের দোকানে কর্মরত শ্রমিক বদলাগাড়ি গ্রামের আবদুল লতিফ (২৫) বলেন, ‘তাঁর (আনোয়ার) ওয়ার্কশপে চাকরি করে মাসিক সাত হাজার টাকা বেতন পাচ্ছি। তা দিয়ে ছয় সদস্যের সংসার চালাচ্ছি।’ সদর উপজেলার ইসলামপুর গ্রামের শ্রমিক সাইফুল ইসলাম (২৮) বলেন, ‘আগে বেকার ছিলাম। এখানে চাকরি করে মাসিক নয় হাজার টাকা পাচ্ছি। আমার সংসারে অভাব নেই।’
জানতে চাইলে আনোয়ার বলেন, ‘ইচ্ছে থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। তার প্রমাণ আমি নিজে। আমার ডান পা নেই। কিন্তু মনে সাহস আছে। প্রায় ১১ বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছি। মোটরসাইকেলে মালামালও বহন করছি। ভবিষ্যতে আমি বড় আকারের ঝালাই কারখানা গড়ে তুলতে চাই।’
আনোয়ারের স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘পা হারিয়ে তাঁর (আনোয়ার) সংসারে বোঝা হয়ে থাকার কথা। কিন্তু তিনি পরিশ্রম করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। তাঁকে নিয়ে আমি গর্বিত।’