জীবনানন্দ কবিতামেলায় বিচ্ছেদের কথা
কবিতামেলায় কথা শুরু হলো সুন্দরবন নিয়ে। মেলার উদ্বোধক কথাশিল্পী হাসান আজিজুল হকই শুরুটা করলেন। তিনি সুন্দরবনের বাঘের কথা তুললেন। বললেন, ‘সুন্দরবনের বাঘের কোনো সীমান্ত নেই। সে নির্বিঘ্নে এদেশ-ওদেশ করতে পারে। আমি পারি না।’ অবশ্য পশ্চিমবঙ্গ থেকে আসা আগের দুজন কবি ও গদ্যশিল্পী তাঁকে উসকে দিয়ে গেছেন। তাঁরা দেশভাগের যন্ত্রণা নিয়ে কবিতা শুনিয়ে গেছেন। শেষমেশ কবিতামেলা দেশ বিভাগের বিচ্ছেদের বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল।
রাজশাহীতে দুদিনব্যাপী জীবনানন্দ কবিতামেলার আয়োজন করেছে কবি ও কবিতার সংগঠনÑকবিকুঞ্জ। এটি তাদের পঞ্চম মেলা। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকেরা অংশ নিয়েছেন। প্রতিবছরের মতোই এসেছেন পশ্চিমবঙ্গের কিছু কবি-সাহিত্যিক। এবারও শাহমখদুম কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বসেছে বইয়ের দোকানও।
গতকাল সকাল ১০টায় কলেজের শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন হাসান আজিজুল হক ও প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এরপর জয় বাংলা সাংস্কৃতিক জোট কবি রজনীকান্ত সেন ও জীবনানন্দের গান এবং রাজশাহী আবৃত্তি পরিষদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
এরপর শুরু হয় আলোচনা। সভাপতিত্ব করেন রুহুল আমিন প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হক। ফজলে হোসেন বলেন, ‘পশ্চিবঙ্গের মানুষকে আমি কখনোই বিদেশি বলি না। তারা আমাদের প্রতিবেশী ও আপনজন।’ তিনি কবিতা প্রসঙ্গে বলেন, ‘আমি রাজনীতিক হলেও কবিতা আমাকে স্পর্শ করে। কবিতা মানুষকে যতই স্পর্শ করবে, ততই মানুষের ইতিবাচক পরিবর্তন হবে।’
পশ্চিমবঙ্গের কবি সব্যসাচী দেব বলেন, ‘কলকাতা আমাকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি সব দিয়েছে কিন্তু তিতাসের তীরে দাঁড়ালে একটা টান অনুভব করি।’ কবি জুলফিকার মতিন বলেন, ‘একটি জাতির পরিচয় হয় সৃজনশীল মানুষ দিয়ে। আর জাতিসত্তা গড়ে ওঠে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও দর্শনের ওপর ভর করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টপাধ্যায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শাহমখদুম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, রাজশাহী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মহিলা পরিষদের রাজশাহীর সভাপতি কল্পনা রায়, উদীচী-রাজশাহীর সহসভাপতি আলী আর্সালান ও রাজশাহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ।