জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার নিলেন কবি রাসেল রায়হান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশনের ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার-১৪২২’ গ্রহণ করেছেন তরুণ কবি রাসেল রায়হান। ‘বিব্রত ময়ূর’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপির জন্য তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন।

আজ সোমবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এই পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাসেল রায়হান জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কারের প্রথম বিজয়ী।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার প্রবর্তনের পটভূমি তুলে ধরেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, ফারুক মঈনউদ্দীনের অনুবাদে জীবনানন্দ-গবেষক ক্লিনটন বি সিলির ‘আ পোয়েট অ্যাপার্ট’ বইটি ‘অনন্য জীবনানন্দ’ নামে ২০১১ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়। এ বই থেকে রয়্যালটি হিসেবে প্রাপ্য অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করে ক্লিনটন বি সিলি এই অর্থে বাংলাদেশের তরুণ কবিদের জন্য কিছু করার প্রস্তাব দেন। সে প্রস্তাব গ্রহণ করে তাঁর রয়্যালটির অর্থের সঙ্গে সমপরিমাণ অর্থ যোগ করে তরুণ কবিদের জন্য একটি পাণ্ডুলিপি পুরস্কার প্রবর্তন ও পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিটি গ্রন্থাকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয় প্রথমা প্রকাশন থেকে।

সাজ্জাদ শরিফ আরও বলেন, পুরস্কার ঘোষণার পর প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘বিব্রত ময়ূর’ কাব্যগ্রন্থটির প্রথম সংস্করণ এরই মধ্যে শেষ হয়েছে। এখন দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি চলছে। তার মানে, পাঠকেরা কবিতার বইটি গ্রহণ করেছেন। আগামী ২০ বছরে এই পুরস্কার পাওয়া দুজন কবিও যদিও বাংলা কবিতার ক্ষেত্রে অবদান রাখতে পারেন, সেটা একটা বড় ঘটনা হবে।

এ পর্যায়ে পুরস্কার হিসেবে রাসেল রায়হানের হাতে ২৫ হাজার টাকার একটি চেক ও সনদ তুলে দেন ‘আ পোয়েট অ্যাপার্ট’-এর অনুবাদক কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন। তিনি প্রকাশিত ‘বিব্রত ময়ূর’ কাব্যগ্রন্থটি সম্পর্কে বলেন, রাসেল রায়হানের এই কাব্যগ্রন্থটির অধিকাংশ কবিতা সংক্ষিপ্ত আকারের। তিন ফর্মার সংক্ষিপ্ত বইটি পড়তেও কম সময় লাগে। কিন্তু দীর্ঘ সময় ভাবায়।

সভাপতির বক্তব্যে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জানান, তিনি কবি রাসেল রায়হানের কবিতায় জীবনানন্দ দাশের জীবিতাবস্থায় প্রকাশিত শেষ দিকের কয়েকটি কাব্যগ্রন্থের ছাপ খুঁজে পান। তিনি বলেন, একজন কবির প্রতিভার সঙ্গে চিন্তার সংযোগ থাকাটা জরুরি। ওনার (রাসেল রায়হান) মধ্যে কবিত্ব আছে এবং উনি কবি। কেবল কবিতার লেখক নন।

ফয়জুল লতিফ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য তরুণ কবিদের মধ্যে যে আকুতি তৈরি হয়েছে, দিনে দিনে তা আরও শাণিত হবে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি রাসেল রায়হান বলেন, পুরস্কার পেলে সামান্য আলো আসে। কিন্তু তার চেয়ে ভালো লেখার চাপ তৈরি হয়।

অনুষ্ঠানে রাসেল রায়হানের মা-বাবা-স্ত্রীসহ কাছের স্বজন ও সুহৃদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ।