জীবনানন্দ দাশের মূলানুগ পাঠ গ্রন্থমালার প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশিত সদ্যপ্রয়াত ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের মূলানুগ পাঠ গ্রন্থমালার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এই পাঠ জীবনানন্দকে নতুন করে আবিষ্কারে ভূমিকা রাখবে।

গতকাল শুক্রবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ভূমেন্দ্র গুহের সুদীর্ঘ ভূমিকা-সংবলিত জীবনানন্দের কবিতা ও নির্বাচিত কবিতা নিয়ে দুটি খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে জীবনানন্দের মূলানুগ পাঠ গ্রন্থমালার আওতায় অচিরেই তাঁর উপন্যাস, ডায়েরি, প্রবন্ধ ও চিঠিপত্র নিয়ে আরও দুটি খণ্ড প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত বলেন, ভূমেন্দ্র গুহ পাঁচ দশক ধরে জীবনানন্দের মূল পাণ্ডুলিপি থেকে পাঠ উদ্ধারে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। জীবনানন্দে নিমজ্জন ও ভালোবাসা তাঁর জীবনসাধনার সঙ্গে মিশে গিয়েছিল। তিনি আরও বলেন, বিগত শতাব্দীর কুড়ি, ত্রিশ ও চল্লিশের দশকের রাজনৈতিক আবহ বিশ্লেষণের সঙ্গে জীবনানন্দের জন্ম, কৈশোর ও যুবা বয়সে মানসগঠন পর্বও উঠে এসেছে এই ভূমিকায়। এই দীর্ঘ ভূমিকাটি পাঠ করলে খুব সহজেই উপলব্ধি করা যায় জীবনানন্দ বাংলা সাহিত্যে শুধু প্রণম্য নন, তিনিই আধুনিকতার পথযাত্রায় উদ্দীপক, একক ও নৈঃসঙ্গ্যপীড়িত এক কবি, যাঁর সমাচ্ছন্ন প্রভাব বাংলা কবিতাকে উত্তরণ ও সিদ্ধির পথ দেখিয়েছে।

অধ্যাপক হায়াৎ মামুদ ভূমেন্দ্র গুহ সম্পর্কে বলেন, তিনি ছিলেন আত্মপ্রচারবিমুখ একজন মানুষ। অথচ একজন বিখ্যাত সার্জন, চিকিৎসা শাস্ত্রে যাঁর বলার মতো অবদান আছে, তিনি অর্থকড়ি কিংবা অন্য কোনো প্রলোভনে মজেননি। নিখাদ ভালোবাসা থেকেই তিনি জীবনানন্দ পাঠে ব্রতী হয়েছিলেন। জীবনানন্দ গবেষক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, জীবনানন্দ দাশ ভূমেন্দ্র গুহকে ছাড়া অচল। কিন্তু এখানে ভূমেন্দ্রর প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা ছিল না। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, জীবনানন্দ ও ভূমেন্দ্র ছিলেন অচ্ছেদ্য। জীবনানন্দের মৃত্যুর আগের পাঁচ দিন হাসপাতালে এক সেকেন্ডের জন্যও তিনি তাঁর পাশ থেকে সরেননি।

বক্তাদের অভিমত, ভূমেন্দ্র গুহের সম্পাদনায় জীবনানন্দ দাশের মূলানুগ পাঠ গ্রন্থমালার এই দুটি খণ্ড একটি ঐতিহাসিক কাজ। এই পাঠ জীবনানন্দকে নতুন করে আবিষ্কারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সঠিক ভাব ও অর্থ-সংবলিত নির্ভুল রচনার স্বাদ পাবেন পাঠক।