জীবনানন্দকে দূরে সরিয়ে রাখার কৌশল ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনানন্দ দাশকে দুর্বোধ্য কবি হিসেবে আখ্যা দিয়ে তাঁকে দূরে সরিয়ে রাখার কৌশল ছিল। তারপরও কবি আজ তাঁর কবিতা ও সাহিত্যের মাধ্যমে বিশ্বময় পরিচিতি লাভ করেছেন। আধুনিক মানুষের চিন্তা করতেন বলেই তিনি আধুনিক কবির খেতাব পেয়েছেন। এখন দরকার কবিকে চর্চা করা। নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।
বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে আয়োজিত জীবনানন্দ মেলায় এসব কথা বলেন বক্তারা। গতকাল শুক্রবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল ফাউন্ডেশন এই মেলার আয়োজক। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের বরিশালের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বিকে সম্মাননা জানানো হয়।
সম্মাননা পর্বে বরিশালের জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান বলেন, যাঁরা বিশ্বকে আলোকিত করেন, তাঁদের অনেকে আছেন বরিশালের। জীবনানন্দ দাশ যে পরিচিতি এনে দিয়েছেন তারই ধারাবাহিকতায় জাতীয় দলের ক্রিকেটার মিরাজ ও রাব্বি বিশ্বে বরিশালকে তুলে ধরছেন। তিনি আরও বলেন, কেবল জিপিএ-৫ পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। শৌর্যে-বীর্যে তারুণ্যে যাঁরা এগিয়ে যান, তাঁদের জিপিএ-৫ না পেলেও চলে। সেভাবেই এগিয়ে যাচ্ছেন মিরাজ ও রাব্বি। তারুণ্যকে পাঠ্যপুস্তকের মধ্যে আটকে দিলে চলবে না। এর পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক, মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন ও মেলার আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন বক্তব্য দেন।
মেলার মাঠে বরিশালের ঐতিহ্য ইলিশের নিবাস নামে একটি স্টল সাজানো হয়েছে। সেখানে ইলিশের পরিচিতি এবং কেন বরিশাল ইলিশের জন্য বিখ্যাত, তা তুলে ধরা হয়। মেলায় প্রথমা প্রকাশনের স্টল নিয়ে বসেছেন বন্ধুসভার বন্ধুরা।
এদিকে কবি জীবনানন্দ দাশের কর্মক্ষেত্র ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে গতকাল তিন দিনের জীবনানন্দ মেলার জাঁকজমক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক সাহান আরা বেগম। উত্তরণের সাবেক সভাপতি রোকন ব্যাপারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. কাইউম উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন প্রমুখ।