জীবনানন্দের খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শহরের জীবনানন্দ সড়কে কবি জীবনানন্দ দাশের বাড়ির সামনে কৃষ্ণেন্দু বেরা (ডানে)। গত বৃহস্পতিবার সকালে।  ছবি: প্রথম আলো
বরিশাল শহরের জীবনানন্দ সড়কে কবি জীবনানন্দ দাশের বাড়ির সামনে কৃষ্ণেন্দু বেরা (ডানে)। গত বৃহস্পতিবার সকালে। ছবি: প্রথম আলো

কৃষ্ণেন্দু বেরা পেশায় ব্যবসায়ী। ভ্রমণ তাঁর পছন্দ। তার চেয়ে বেশি পছন্দ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তাই ভ্রমণ আর জীবনানন্দকে মেলাতেই বুঝি সাইকেলে চেপে কলকাতা থেকে বরিশাল পৌঁছান তিনি। 

জীবনানন্দের জন্ম এবং তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে বরিশালে। তাই শৈশব ও জন্মভূমি গভীরভাবে ধরা দিয়েছে তাঁর কবিতায়।

কৃষ্ণেন্দু বেরার বাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ছোটবেলা থেকে জীবনানন্দ পাঠ করে কবির প্রতি অসম্ভব অনুরাগ জন্মায় তাঁর। প্রথম আলোকে তিনি বলেন, ‘যখন সপ্তম শ্রেণিতে পড়ি, তখন মার (দীপ্তি বেরা) মুখে জীবনানন্দ দাশের কবিতা শুনতাম। তখন থেকেই সংকল্প, কবির বর্ণনার সেই ধানসিড়ি নদী আর তাঁর গ্রামের সৌন্দর্য যদি উপভোগ করতে পারতাম!’ শৈশবের সেই স্বপ্ন কৃষ্ণেন্দুকে টেনে এনেছে বরিশালে।

কৃষ্ণেন্দুরা পাঁচ বন্ধু মিলে সিদ্ধান্ত নেন, সাইকেলে বাংলাদেশ ভ্রমণ করবেন। বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের ব্যাপারে জনসচেতনতা তৈরি, বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা, কন্যাসন্তানের প্রতি যত্ন নেওয়া এবং বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতার স্লোগান নিয়ে ৩ আগস্ট তাঁরা শুরু করেন সাইকেল অভিযান। ১১ আগস্ট তাঁরা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর যশোর, নড়াইল-গোপালগঞ্জ হয়ে মাওয়া দিয়ে ঢাকায় পৌঁছান।

ঢাকায় পৌঁছানোর পর বাকি বন্ধুরা নিজ দেশে ফিরে যান। কৃষ্ণেন্দু ছোটেন স্বপ্নের ধানসিড়ির পথে, বরিশালে। গত বৃহস্পতিবার বিকেলে তিনি বরিশালে পৌঁছান। শুক্রবার সকালে কৃষ্ণেন্দু যান বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোড) অবস্থিত কবির বাড়িতে। কবির নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগারে ঢুকে বইগুলোতে হাত বোলান।

কৃষ্ণেন্দু বেরা প্রথম আলোকে বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। ভালো লাগছে। কিন্তু কবির বাড়িতে গিয়ে হতাশও হয়েছি। সেখানে একটি চালাও যদি থাকত, তবে জীবনানন্দ দাশ আরও উজ্জ্বল হতেন। যাঁরা বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, নির্জন স্বাক্ষর পড়েছেন, তাঁদের জন্য এটা বেদনার যে এই কবির স্মৃতিটুকু ভালোভাবে সংরক্ষণ করতে আমরা ব্যর্থ হচ্ছি।’

যে কবির কবিতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ছেন, তাঁর বাড়িতে শুধু একটা ফটক (গেট) ছাড়া কিছু নেই। তাঁর নামে করা গ্রন্থাগারটিও ততটা সমৃদ্ধ নয়। এগুলো খুবই দুঃখজনক। কৃষ্ণেন্দু বলেন, ‘আমাদের দেশে পঞ্চম শ্রেণি থেকে স্মাতকোত্তর পর্যন্ত পাঠ্যসূচিতে জীবনানন্দ দাশের কবিতা অন্তর্ভুক্ত আছে। ভীষণ জনপ্রিয় কবি তিনি।’

শুক্রবার মহাত্মা অশ্বিনীকুমার দত্তের বাড়িতেও যান কৃষ্ণেন্দু। সেখানকার তমাল তলায় এসেছিলেন মহাত্মা গান্ধী। কৃষ্ণেন্দু যান মহীয়সী মনোরমা বসু মাসিমার মাতৃমন্দির ও রামকৃষ্ণ মিশনে। গতকাল সকালে যান চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মভিটা লামচরীতে। ঘুরে দেখেন আরজ আলীর গ্রন্থাগার। আজ রোববার যাবেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ধানসিড়ি নদীতীরের বামনকাঠি গ্রামে। এই গ্রামেরই দাশ বাড়িতে জীবনানন্দ দাশের জন্ম।