জীবনানন্দের বাড়ির সামনে থেকে ডাস্টবিন অপসারণের দাবি
রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের নামে গড়া ‘জীবনানন্দ অঙ্গন’ নামের বাড়িটির সামনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। সিটি করপোরেশন বাড়ির সীমানাপ্রাচীরের কয়েক ফুটের মধ্যে একটি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেছে।
জীবনানন্দের বাড়ির সামনে থেকে ডাস্টবিন অপসারণের দাবিতে গতকাল বুধবার দুপুর ১২টায় বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জীবনানন্দ দাশের বিশাল বাড়ির বেশির ভাগ বেদখল হয়ে গেছে। যেটুকু আছে তার সামনে সিটি করপোরেশনের ডাস্টবিন করা হয়েছে। দুর্গন্ধে মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারে না। তাঁর স্মৃতিতে গড়ে তোলা পাঠাগার ও মিলনায়তন বেশির ভাগ সময় বন্ধ থাকে। সাধারণ মানুষ সেখানে যেতে পারে না। অবিলম্বে জীবনানন্দ অঙ্গনের সমৃদ্ধি, ডাস্টবিন অপসারণসহ সড়কের নাম ব্যবহার ও পাঠাগার খোলা রাখার দাবি জানান বক্তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর আহ্বায়ক প্রান্ত যোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নূসরাত জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক উন্মেষ রায়, ছাত্র মৈত্রী বরিশাল মহানগরের সভাপতি শামেল শাহরুখ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশালের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকলেছুর রহমান প্রমুখ।