জীবনানন্দের ভিটার সামনে ডাস্টবিন

কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন: ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায়...।’ শঙ্খচিল, শালিখ বা কাকের বেশে না এসে কবি যদি এখন মানুষের বেশেই পা রাখেন এই বাংলায়, তাঁকে বিব্রত হতে হবে। বরিশাল সিটি করপোরেশন নাগরিক সুবিধার জন্য কবির জন্মভিটায় তৈরি করেছে ডাস্টবিন।
বরিশাল শহরে বগুড়া রোডে কবি জীবনানন্দ দাশের বাড়ি। সিটি করপোরেশন বগুড়া রোডের নামকরণ করেছে জীবনানন্দ দাশ সড়ক। ডাকপিয়নেরা চিনতে পারেন না বলে ঠিকানা লেখার সময় জীবনানন্দ দাশ সড়ক লিখে অনেকে বন্ধনীতে বগুড়া সড়ক লেখেন এখনো। বিখ্যাত এই কবির বাড়িটি রক্ষা করতে পারেনি রাষ্ট্র। আর নগর কর্তৃপক্ষ বাড়ির প্রধান ফটকের সামনে তৈরি করেছে ময়লা ফেলার ভাগাড়।
ইট-সিমেন্টের পাকা ভাগাড়। গৃহস্থালির বর্জ্য, অর্থাৎ মাছের কানকো, কাঁঠালের ভুতি, বেঁচে যাওয়া, পচে যাওয়া গরু বা শূকরের মাংস, নষ্ট শসা, চালকুমড়া, মরা ইঁদুর, স্যানিটারি ন্যাপকিন, ওষুধের শিশি, মদের খালি বোতল ফেলার মোক্ষম জায়গা ধানসিড়ি বাড়িটির প্রবেশমুখ।
আইনের ফাঁকফোকর গলে কবির বাস্তুভিটায় ঘর তুলে বসত করছে একাধিক পরিবার। ভিটায় ঢোকার মুখে ধানসিড়ি লেখা। একটি অংশে সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় কবি ‘জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়। এই পাঠাগার ও ধানসিড়ির মাঝখানেই ডাস্টবিন। গত সোমবার গিয়ে দেখা যায়, শহুরে ছাগল কলার খোসা চিবোচ্ছে সেখানে।
দৈনন্দিন আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তো বসাতেই হবে কোথাও না কোথাও। কিন্তু ঠিক জীবনানন্দের ভিটাটাই কেন বেছে নিতে হলো?
মুঠোফোনে নগরপিতা তথা বরিশাল মহানগরের মেয়র আহসান হাবিব কামালের কাছে ডাস্টবিনের বিষয়টি উপস্থাপন করলে তিনি বলেন, ঘটনা আগের মেয়রের সময়কালের। তবে তিনি উদ্যোগ নেবেন ডাস্টবিন উৎখাতের।
ডাস্টবিনের বিষয়টিকে অবমাননাকর ও বিব্রতকর বলে বর্ণনা করেছেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি ও অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের বরিশালবাসীদের নিজেদের কাছেই বিষয়টি খারাপ লাগে। যাঁরা বাইরে থেকে আসেন, বিদেশ থেকে আসেন, তাঁদেরও খারাপ লাগে। কিন্তু আমরা কিছু করতে পারছি না।’ তিনি বলেন, সিটি করপোরেশনের কাছে ডাস্টবিন সরানোর জন্য তাঁরা নাগরিক সমাজের পক্ষ থেকে লিখিত আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।