জীবনের উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে গতকাল হিজড়াদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাদামতলী ও আশুলিয়া স্পোর্টিং ক্লাব l প্রথম আলো
সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে গতকাল হিজড়াদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাদামতলী ও আশুলিয়া স্পোর্টিং ক্লাব l প্রথম আলো

পরিবারে ঠাঁই নেই। সমাজে সম্মান নেই। আছে শুধু ঘৃণা, অবজ্ঞা আর অবহেলা। জীবনে আনন্দ নেই, নেই উৎসব। টানা উৎসবহীন জীবনে হাঁপিয়ে উঠেছিলেন ব্যতিক্রমী মানুষগুলো, যারা এ সমাজে হিজড়া (থার্ড জেন্ডার) নামে পরিচিত। গতকাল শনিবার বিকেলে ঢাকার সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে তাঁরা মেতে উঠেছিলেন জীবনের উৎসবে।
পিপল অর্গানাইজেশন অব অর্ব ল্যান্ড (পুল) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বাংলাদেশ হিজড়া স্পোর্টিং ক্লাব নামে স্থানীয় একটি সংগঠন এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। এতে আশুলিয়া হিজড়া স্পোর্টি ক্লাব অংশ নেয় লাল দল নামে। আর সবুজ দল নামে অংশ নেয় রাজধানীর বাদামতলী হিজড়া স্পোর্টিং ক্লাব। এ ধরনের আয়োজন এবারই প্রথম।
খেলা উপভোগ করতে ভিড় জমায় হাজারো দর্শক। তারা করতালি দিয়ে উৎসাহ দেয় হিজড়াদের। নির্ধারিত ৪০ মিনিটে ১-১ গোলে খেলা ড্র হলে টাইব্রেকারে সবুজ দল এক গোলে বিজয়ী হয়।
বিকেল পাঁচটায় খেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পুলের মহাপরিচালক সুমনা সামাদ প্রমুখ। ধারাবর্ণনা দেন সালাউদ্দিন খান। খেলা পরিচালনা করেন সাভার শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক আতাউর রহমান।
পুলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি হিজড়াদের নিয়ে কাজ শুরু করে ২০০২ সালে। সমাজের মূল স্রোতোধারায় আনতে গত বছর ডিসেম্বরে গঠন করা হয় হিজড়া স্পোর্টিং ক্লাব। প্রথম অবস্থায় সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকার ৩০ জন হিজড়া বাছাই করে তাঁদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়।
বিজয়ী সবুজ দলের অধিনায়ক খালেক বলেন, ‘আমরাও মানুষ এবং এ দেশেরই নাগরিক। এর পরেও আমাদের অবহেলার চোখে দেখা হয়। কিন্তু আমরাও যে পারি, তা প্রমাণ করতেই ফুটবল নিয়ে মাঠে নেমেছি।’