জীবনের গল্প
শেখ মুজিব সমসাময়িক রাজনীতিবিদদের ছাপিয়ে অনেক ওপরে উঠে যেতে পেরেছেন তাঁর কাজের মধ্য দিয়ে। এর ছাপ আমরা দেখি তাঁর লেখায়।
পঁচাত্তরের ১৪ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে রাত নেমেছিল আর দশটা দিনের মতোই। শ্রাবণের শেষ রাতটিতে আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। ভোর হতে না হতেই বাড়িটি রক্তস্নাত হলো। এ বাড়িতে ছিল একটি পরিবারের বাস। তাঁরা কেউ আর দিনের আলো দেখেননি। মানুষগুলো নেই। কিন্তু বাড়িটি আছে। তার দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তাঁদের জীবনের গল্প। একজন মুজিব, একজন রেণু, একজন কামাল, আর অন্য সবার গল্প।
এই লেখাটি শুরু করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করেই। তখনো অবশ্য তিনি বঙ্গবন্ধু হননি। ছিলেন আওয়ামী লীগের অগ্রগামী সংগঠক ও সাধারণ সম্পাদক। এখানে তাঁর মন ও দর্শনের স্বরূপ কিছুটা ফুটে উঠেছে। তিনি বলছেন:
আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি, কোনো কাজ করতে গেলে শুধু চিন্তাই করে। চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়, কাজ আর হয়ে ওঠে না। অনেক সময় করব কি করব না, এইভাবে সময় নষ্ট করে এবং জীবনে কোনো কাজই করতে পারে না। আমি চিন্তাভাবনা করে যে কাজটা করব ঠিক করি, তা করেই ফেলি। যদি ভুল হয়, সংশোধন করে নেই। কারণ, যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না।
একজন ব্যক্তিকে বিচারের মাপকাঠি কী—তিনি কী বলেন এবং তিনি কী করেন। কথা ও কাজের মধ্য দিয়েই ব্যক্তিচরিত্র ফুটে ওঠে। তবে কথা ও কাজে মিল আছে, এমনটি সব সময় দেখা যায় না। আমরা অনেক সময় দেখি, একজন যা বলছেন, কাজটি করছেন তার উল্টো। কখনো দেখা যায়, কথা ও কাজ বিপরীত না হলেও যথেষ্ট ফারাক থাকে। এই ফারাক যাঁর মধ্যে যত কম, তিনি অন্যদের চেয়ে ততই আলাদা। তিনি হয়ে ওঠেন স্বতন্ত্র, বিশিষ্ট, অনন্য।
শেখ মুজিব সমসাময়িক রাজনীতিবিদদের ছাপিয়ে অনেক ওপরে উঠে যেতে পেরেছেন তাঁর কাজের মধ্য দিয়ে। এর ছাপ আমরা দেখি তাঁর লেখায়। আমরা দেখি যে তিনি কাজের মানুষ, করিতকর্মা।
আমাদের সমাজ ও রাজনীতিতে বাগাড়ম্বরের উপস্থিতি প্রবল। এ প্রসঙ্গে উনিশ শতকের দার্শনিক কার্ল মার্ক্সকে উদ্ধৃত করা যেতে পারে। প্রতিপক্ষকে সমালোচনা করার ব্যাপারে তিনি ছিলেন নির্মম। সস্তা জনপ্রিয়তা এবং হাততালি শিকারিদের প্রতি তাঁর ছিল তীব্র ঘৃণা। তাদের উদ্দেশে তিনি বলতেন—ফাঁকা কথার ব্যাপারী। শেখ মুজিব যৌবনে মার্ক্স পড়েছেন কি না বা পড়লেও কতটুকু পড়েছেন, তা জানি না। কিন্তু দেখা গেছে যে কাজটি তিনি দরকারি মনে করতেন, তা সম্পন্ন করার জন্য এগিয়ে যেতেন। কখনো পিছপা হতেন না। শেষ অবধি লেগে থাকতেন। এ রকম উদাহরণ ভূরি ভূরি পাওয়া যায় তাঁর লেখায়।
অসমাপ্ত আত্মজীবনী নামে একটি বই হবে, এটি শেখ মুজিব জানতেন না। অনেকেই বেশ গুছিয়ে রোজনামচা লেখেন। পরে তা হয়ে ওঠে ইতিহাসের উপাদান। শেখ মুজিব ছিলেন কাজের মানুষ। হঠাৎ হঠাৎ হয়তো তাঁর মনে হয়েছে—কিছু একটা লিখি। জেলে বন্দী অবস্থায় পেয়েছিলেন অখণ্ড অবসর। কারাগারের আঙিনায় বাগান করেছেন, সহবন্দীদের সঙ্গে আড্ডা দিয়েছেন, তাঁদের খোঁজখবর নিয়েছেন, জেলখানায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছেন। একসময় তিনি চলে গেছেন ফ্ল্যাশব্যাকে। আপন মনে রোমন্থন করেছেন সোনালি-রুপালি দিনের কথা, কষ্টের মুহূর্তগুলোর কথা। সেগুলোই এক সুতোয় গেঁথে এই মালা—অসমাপ্ত আত্মজীবনী। আসলে এটি হলো জীবনের গল্প। একটি উপন্যাস হয়ে ওঠার সব উপাদানে ঠাসা এ বইটি।
এই বইয়ে রেণু চরিত্রটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। বঙ্গবন্ধু এখানে কেবল একটি বালিকাবধূর স্বামী নন, বরং একজন বন্ধু, প্রেমিক এবং অবশ্যই একজন নিবিড় পর্যবেক্ষক। এলোমেলো সংসারজীবনের বৃত্ত থেকে বারবার ছিটকে পড়া একজন রাজনীতির মানুষ কেমন করে এত সুন্দর একটি নারী চরিত্র নির্মাণ করতে পারেন, ভেবে অবাক হই। রেণু চরিত্রটি এ বইকে অনন্য মর্যাদা দিয়েছে। বইটি পড়ে আমরা রেণু নামের এক অসামান্য নারীর জীবনযুদ্ধের ছোঁয়া পাই। আমরা রাজনীতির মঞ্চ দাপিয়ে বেড়ানো অনেক সফল নায়কের দেখা পাই ইতিহাসের পাতায়। রেণুরা থেকে যান আড়ালে! শেখ মুজিব রেণুকে কালো অক্ষরে এমন করে সাজিয়েছেন, যা মন ছুঁয়ে যায়।
বইটি হঠাৎ করেই থেমে গেছে ১৯৫৫ সালে এসে। এ সময়টি হলো রাজনীতিতে শেখ মুজিবের নেতা হয়ে ওঠার উত্থানপর্ব। তখন তিনি ৩৫ বছরের তরুণ। তাঁর মধ্যে কাজ করার স্পৃহা আছে, আবেগ আছে, ঝুঁকি নেওয়ার সাহস আছে। সবার ওপরে আছে একরোখা মনোভাব। সবকিছু ভেঙেচুরে, মেরেকেটেই সামনে এগিয়ে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। আবার দেখা যায়, তিনি একা নন, পথ চলেছেন সবাইকে নিয়ে। যাঁদের সঙ্গে মতের মিল হয়নি এবং যাঁরা পরে তাঁর প্রতিপক্ষ হয়েছেন, তাঁদের জন্যও সখ্য ও সহমর্মিতা দেখিয়েছেন। ভিন্নমতের কড়া সমালোচনা সত্ত্বেও বিনয়ের আবরণটি বিসর্জন দেননি। ভবিষ্যতের রাজনীতিক ও সমালোচকেরা আগের প্রজন্মের এই রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এ বইয়ে। কতটুকু শিখবেন, তা নির্ভর করবে তাঁদের ইচ্ছা ও রুচির ওপর।
শেখ মুজিবকে খুব ‘ক্যাজুয়াল’ মনে হয়। স্বভাবে দিলখোলা, লেখাতেও তা–ই। হিসাব করে কথা বলা, মেপে হাসা, এসব তাঁর ধাতে ছিল না। আত্মস্মৃতিতেও তিনি কত খোলামেলা! ষাটের দশকে তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের প্রধান নেতা। কিন্তু তাঁর মধ্যে সব সময় পরিমিতিবোধ কাজ করেছে।
একটি উদাহরণ দেওয়া যাক:
শেরেবাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্টের সংসদীয় দলের নেতা। তিনি মন্ত্রিসভা তৈরি করবেন। মন্ত্রিসভায় জায়গা পেলেন সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া)। তিনি শেরেবাংলার ভাগনে হিসেবে পরিচিত। তখন স্লোগান উঠল, ‘স্বজনপ্রীতি চলবে না, কোটারি চলবে না’। শেরেবাংলা শেখ মুজিবকে মন্ত্রিসভায় রাখতে চাননি। কিন্তু তাঁকে মন্ত্রী করার ব্যাপারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানীর চাপ ছিল। নান্না মিয়ার সঙ্গে শেখ মুজিবের সম্পর্কে টানাপোড়েন থাকাটা অস্বাভাবিক নয়। তাঁরা দুই দলের লোক এবং দল দুটির মধ্যে অনেক দ্বন্দ্ব। অথচ শেখ মুজিব কত সহজেই বলতে পারেন:
লোক হিসেবে আজিজুল হক অমায়িক ও ভদ্র। আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্বন্ধ খুবই মধুর ছিল। কলকাতা থেকে তাঁকে আমি জানতাম। কোনোদিন তাঁকে আমি রাগ হতে দেখি নাই। যাহোক, হক সাহেব এই সমস্ত কাজ নিজে কিছুই করেন নাই। বৃদ্ধ হয়ে গিয়েছিলেন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ সম্পর্কে হাল আমলের নেতারা যে অমার্জিত ভাষায় কথা বলেন, তুই-তোকারি করেন, শেখ মুজিব কখনো তা করেননি। পরম শত্রুর নাম উল্লেখ করে বিনয়বশত তার নামের শেষে ‘সাহেব’ শব্দটি জুড়ে দিতেন। তাঁর আজীবনের প্রতিপক্ষ ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) সম্পর্কে এভাবেই মন্তব্য করেছেন:
(হক সাহেব) অন্যের কথা শুনতেন, বিশেষ করে লীগ থেকে বিতাড়িত দলের, যার নেতৃত্ব করতেন ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) সাহেব। তিনি নিজে মন্ত্রী হতে চান। তিনি জীবনভর মন্ত্রিত্ব ভাঙছেন আর গড়েছেন। তাঁর একটা অসুবিধা হলো, তিনি লেখাপড়া ভালো জানতেন না, তাই কেউ তাঁর নাম বলেন না। কর্মী হিসেবে তাঁর মতো কর্মী এ দেশে খুব কম জন্মগ্রহণ করেছেন। রাতদিন সমানভাবে পরিশ্রম করতে পারতেন। তাঁকে অনেকেই ইভিল জিনিয়াস বলে থাকেন। যদি ভালো কাজে তাঁর বুদ্ধি ও কর্মশক্তি ব্যবহার করতেন, তাহলে সত্যিকারের দেশের কাজ করতে পারতেন।
এ রকমই উদাহরণ শেখ মুজিবের জীবনে অনেক পাওয়া যাবে। তিনি আপসহীন ছিলেন। কিন্তু দুর্বিনীত ছিলেন না। রাজনীতিতে লড়াই থাকে। কিন্তু এটা যে বক্সিং রিং নয়, এটা তিনি বুঝতেন।
লেখাটি শেষ করব তাঁর ছেলে শেখ কামালের প্রসঙ্গ টেনে। কামাল আমার পরিচিত বললে কম বলা হবে। আমরা ঢাকা কলেজের সতীর্থ, এক ছাদের নিচে একসঙ্গে ক্লাস করেছি দুই বছর। শেখ মুজিব তখন জেলে। তিনি ডিফেন্স অব পাকিস্তান অ্যাক্টে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে। তাঁকে জড়ানো হয় ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’য়। কামালের বাবা জেলে বন্দী, এটা জেনে আমরা অনেকেই তার প্রতি সহানুভূতি দেখাতাম। কিন্তু কামালের মধ্যে কোনোরকম আহাজারি দেখিনি। ব্যক্তিগত দুঃখগুলো মনের মধ্যে চেপে রাখার কষ্টটি সে কখনো আমাদের বুঝতে দেয়নি।
ওই সময় কামালের ওঠাবসা, চালচলন, বেশভূষার মধ্যে পরিমিতিবোধ লক্ষ করেছি। সে যে শেখ মুজিবুর রহমানের ছেলে এবং তার কোনো আচরণে তার বাবার কোনোরকম বদনাম যেন না হয়, এ ব্যাপারে কামাল খুব সচেতন ছিল। বাবার প্রতি গভীর মমত্ববোধ ও প্রচণ্ড ভালোবাসা ছিল তার। এ ধরনের অনুভূতি খুবই স্বাভাবিক। পিতার প্রতি সন্তানের ভালোবাসা তো চিরন্তন। কিন্তু কামালের বিষয়টি অন্য রকম। হয়তো তার মধ্যে প্রচণ্ড রকমের দুঃখবোধ ও অতৃপ্তি কাজ করেছিল। শৈশবে বেড়ে ওঠার সময় সে তার বাবাকে কাছে পায়নি। এটি তার শিশুমনে দাগ কেটেছিল। এ বিষয়টি শেখ মুজিব কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন এভাবে:
একদিন সকালে আমি ও রেণু বিছানায় বসে গল্প করছিলাম। হাচু ও কামাল নিচে খেলছিল। হাচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাচিনাকে বলছে, ‘হাচু আপা হাচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ আমি আর রেণু দুজনই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে গিয়ে ওকে কোলো নিয়ে বললাম, ‘আমি তো তোমারও আব্বা।’ কামাল আমার কাছে আসতে চাইত না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম, এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই, তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর আত্মীয়স্বজন ছেলেমেয়েদের কাছ থেকে দূরে থাকা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।
এখানে আমরা অন্য এক মুজিবকে দেখি, পিতা মুজিব। আর তিনি তো একদিন বিশাল এক জনগোষ্ঠীর পিতা হয়ে উঠেছিলেন। (উদ্ধৃতিগুলো অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে)
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক