
‘ঘরের এমন কিছু নেই, আমি বিক্রি করিনি। টাকার জন্য কি না করেছি! আত্মীয়স্বজনের বাসায় গেলেও সবাই আমাকে চোখে চোখে রাখত।’ বলছিলেন রাকিব (ছদ্মনাম)। ছেলের সঙ্গে মা শান্তা আহমেদ (ছদ্মনাম) যোগ করলেন, ‘আত্মীয়স্বজনরা কোনো অনুষ্ঠানে দাওয়াত করলে বলত, তুমি এসো, কিন্তু তোমার ছেলে যেন না আসে। কার কাছে সাহায্য চাইব, কাকে বলব, বুঝে উঠতে পারছিলাম না।’ ২০০৫ সালে প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলনের কথা জানতে পেরেছিলেন।

বিশেষজ্ঞদের পরামর্শ আর সহায়তায় ছেলেকে ভর্তি করিয়েছিলেন একটি মাদক নিরাময়কেন্দ্রে। ছেলে এখন সুস্থ, চাকরি করছেন। ‘একদিন সব হারানো মা হিসেবে আমি দর্শকসারিতে বসেছিলাম। আজকে সব ফিরে পাওয়া মা হিসেবে মঞ্চে দাঁড়িয়েছি।’ বলতে বলতে শান্তা আহমেদ চোখ মুছলেন। রাকিব বললেন, ‘এখন দেখা হলে আত্মীয়স্বজন বলে, বাসায় আসো না কেন? কী যে ভালো লাগে!’ অনুষ্ঠানের সঞ্চালককে বলে দিতে হলো না, জীবনযুদ্ধে জয়ী মা-ছেলেকে সাধুবাদ জানাতে গিয়ে দর্শকের তালি আর থামছিলই না!
গত ৩১ মে ছিল প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন আয়োজিত মাদকমুক্ত থাকার পরামর্শ-সহায়তা আয়োজনের ৫০তম আসর। ঢাকার ডব্লিউভিএ মিলনায়তনে সেদিন ‘ফিরে পাওয়া’, ‘সুখ’, ‘আনন্দ, শব্দগুলোর পাশাপাশি ‘ভয়াবহতা’, ‘অসহায়ত্ব’, ‘কষ্ট’ শব্দগুলোও ঘুরেফিরে এল বারবার ।
প্রথম আলোর মাদকবিরোধী অভিযানে শুরু থেকেই সঙ্গে আছেন মাদকাসক্তি নিরাময়কেন্দ্র আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। মাদকের ভয়াবহতা থেকে ফিরে আসা মানুষগুলো বারবার ধন্যবাদ জানালেন তাঁকে। মঞ্চে দাঁড়িয়ে ব্রাদার বলছিলেন, ‘মাদককে শুধু না বললে হবে না, না করতে হবে।’ রোনাল্ড ড্রাহোজালের মতো একই সুরে কথা বলেছেন উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা, শীলা আহমেদ, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্তলাল সেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালসহ আমন্ত্রিত অতিথিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘একজন মাদকাসক্তের নিজের অভিজ্ঞতাটা যত ভয়াবহ, পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি থাকার অভিজ্ঞতা তার চেয়েও ভয়াবহ।’ জীবনের জয়গান শীর্ষক এই অনুষ্ঠানে জীবনের জয় আর গান, দুটোই ছিল। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান পরিবেশন
করেন আসিফ আকবর, ইমরান, বিপ্লব ও নির্ঝর।

ফিরে আসা
ছোট্ট ছেলেটা খুব চঞ্চল। দর্শকসারিতে বসে থাকা অবস্থায় বারবার চলে যেতে চাইছিল মঞ্চের কাছে, আবার মঞ্চে উঠেই সে নেমে যাওয়ার জন্য অস্থির। অগত্যা মঞ্চে দাঁড়ানো অবস্থায়ই বাবা তাকে কাঁধে তুলে নিলেন। বাবার কাঁধে চড়ে তার সে কী আনন্দ! ছেলের কাণ্ড দেখে মা-বাবাও লাজুক ভঙ্গিতে হাসছিলেন। দৃশ্যটা দেখেই যে কথাটা মাথায় আসে, হাসিখুশি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সেটিই বললেন, ‘এর চেয়ে সুখের, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না!’
এই ছেলেটির বাবা শফিকের (ছদ্মনাম) কথাই ধরুন। মাদক শফিককে পরিবারের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত মাদকের নয়, জয় হয়েছে জীবনের। সবার সহায়তায় একটু একটু করে শফিক নিজেকে ফিরে পেয়েছেন। শফিকদের মুখে ‘জীবনের জয়গান’ শুনতেই সেদিন হাজির হয়েছিলেন অনেকে।

দরকার স্বীকারোক্তি
নিজের ফিরে আসার কথা শুনিয়ে অনেক করতালি পেলেন আকিব (ছদ্মনাম)। অনুষ্ঠানের শুরু থেকেই সুদর্শন এই তরুণকে চোখে পড়ছিল। পরনে নীল শার্ট, সঙ্গে একই রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। আচরণে একটু ছটফটে ভাব। একটু পরপরই মিলনায়তন থেকে বের হয়ে যাচ্ছিলেন, পেছন পেছন যাচ্ছিলেন মা-বাবা আর এক বড় ভাইও। সঞ্চালক সাইদুজ্জামান রওশন যখন বললেন, ‘সবচেয়ে কমবয়সী কারও গল্প শুনতে চাই’, সবার আগে দেখা গেল সেই আকিব হাত তুলে ফেলেছেন। ঢাকার একটি ইংরেজিমাধ্যম স্কুল থেকে এ লেভেল পাস করেছেন। মঞ্চে দাঁড়িয়ে অকপটে বললেন, ‘প্রথম যেদিন মাদক নিরাময়কেন্দ্রে গেলাম, আমার মোবাইল-মানিব্যাগ সব রেখে দিল। ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এ কোন জগতে এলাম। কিন্তু এখন আমি আমার পরিবার, নিরাময়কেন্দ্রের সবার কাছে খুব কৃতজ্ঞ।’ মাদকাসক্তদের জন্য পরামর্শও দিলেন ভুক্তভোগী সেই ছেলেটি, ‘সবার আগে যেটা দরকার, তা হলো স্বীকারোক্তি। আমি মাদকাসক্ত, আমি অসহায়, সেটা মেনে নিতে হবে।’
এ গল্পটা সালমার একার নয়
ধরুন গল্পটা সালমা (ছদ্মনাম) নামের এক মেয়ের। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তাঁর সমস্যা শুরু হয়। স্বামীর কিছু আচরণ সালমা কোনোভাবেই মেনে নিতে পারেননি। স্বামীর আচরণ ঠিক করার জন্য অনেক চেষ্টাও করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এর মধ্যে তাঁদের দুটি সন্তানও হয়। সালমা বলেন, ‘সন্তানের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিচ্ছিলাম। নিজেকে ব্যস্ত রাখতে চাকরিতে যোগ দিই। স্বামীর অত্যাচারের মাত্রা বেড়ে যায়, সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খাওয়া শুরু করি। ধীরে ধীরে এমন পর্যায়ে
যায় যে ওষুধ না খেলে অস্থির হয়ে যেতাম। এভাবে মাদকাসক্ত হয়ে পড়ি।’
এতটুকু বলে দম নেন সালমা। কিছু একটা ভাবেন। তারপর আবার বলা শুরু করেন। ‘এখন কিন্তু আমি সুস্থ। ছোট বোন ও তাঁর স্বামীর চেষ্টায় ভর্তি হই ‘আপন’-এ। তাদের সহযোগিতায় আমি আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছি।’ যদিও স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে।
সালমা নিজেই এখন অন্যকে মাদকের অন্ধকারজগৎ থেকে ফিরিয়ে আনতে ক্লাস নেন। কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্বপ্ন দেখেন দুই ছেলেকে মানুষের মতো মানুষ করার।

‘জিরো সাইজ’ আর নয়!
২০০১ সালে বিয়ের পরই ওজন বেড়ে যায় মার্জিয়ার (ছদ্মনাম)। বাড়তে বাড়তে তাঁর ওজন হয় ৮৫ কেজি। ভাবতে থাকেন কীভাবে ওজন কমাবেন। একদিন কোনো এক মাধ্যম থেকে শোনেন ইয়াবা খেলে ওজন কমে। চাইলে জিরো সাইজ হওয়া সম্ভব। এই জিরো সাইজ ফিগারের লোভেই ইয়াবা হাতে তুলে নেন মার্জিয়া।
মার্জিয়া বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত ছিলেন। তার মাদকের তালিকায় ইয়াবা-হেরোইনও ছিল। এটা আমি জানতামও। সেভাবে কখনো বাধা দেওয়া হয়নি। বরং: আমি আগ্রহ নিয়ে বলি ইয়াবার কথা। সে-ও সানন্দে রাজি হয়ে যায়। আমরা তখন একসঙ্গে নিজেদের ঘরে বসে ইয়াবা নেওয়া শুরু করি। ওজন খানিকটা কমে বটে কিন্তু নানা রকমের সমস্যা দেখা দেয়। তখনই বুঝতে পারি “জিরো সাইজ পদ্ধতি” এটা নয়।’
এতটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়েন মার্জিয়া। ‘মাদক এমনটা একটা ভয়াবহ জিনিস, যা আপনার সব শেষ করে দিতে পারে। স্বামী বাসায় না থাকলে তাঁর লোকজন এসে বাসায় মাদক দিয়ে যেত। এভাবে প্রায় তিন বছর চলে। এরপর ২০১৩ সালের ৩১ মে প্রথম একটি পুনর্বাসন কেন্দ্রে যাই। আমরা দুজনই। সবার চেষ্টায় সাড়ে ছয় মাসে আমরা দুজন সুস্থ হয়ে যাই। এখন আমি কেন, আমার স্বামীও সিগারেট স্পর্শ করেন না। আমার মনে হয়, মাদক নিলে সবার আগে এগিয়ে আসা উচিত পরিবারকে৷’
কৌতূহল হলেও মাদক নয়
সোহেল (ছদ্মনাম) ছোটবেলা থেকেই খুব রহস্যপ্রিয়। যেকোনো কিছুর রহস্য উন্মোচন করতে তাঁর আগ্রহের সীমা নেই। ‘এই রহস্য উন্মোচনের খপ্পরে পড়েই আমি মাদকসেবীর তালিকায় নাম লেখাই। এসএসসি পাস করার পর ফেনসিডিলে প্রথম আসক্ত হই। এরপর হেরোইনসহ আরও নানা কিছু। মাদক থেকে ফেরাতে বিয়েও দেওয়া হয়। কিছুতেই পারছিলেন না পরিবারের সবাই। পরে শরণাপন্ন হলো চিকিৎসকের।’ বলেন সোহেল। তবে মাদক ছেড়ে এখন একদম সুস্থ তিনি।