জীবনের ঝুঁকি, তবু হেঁটে রাস্তা পার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেঁটে চলাচল ও রাস্তা পারাপার হচ্ছে মানুষ। মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ৪০ কিলোমিটারে অটোরিকশাসহ গণপরিবহনের চলাচল ও যাত্রী পারাপারে পদচারী-সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এভাবেই চলতে হচ্ছে তাদের।
কুমিল্লা শহরে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান নন্দনপুর। এর পার্শ্ববর্তী কোটবাড়ী এলাকার অন্তত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী ও ব্যবসায়ীদের প্রতিদিনই মহাসড়কের নন্দনপুর হয়ে আসা-যাওয়া করতে হয়। এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), সমবায় একাডেমি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ময়নামতি সেনানিবাসের কর্মকর্তা-কর্মচারীরাও মহাসড়কের এ স্থান দিয়ে চলাচল করেন।
সম্প্রতি নন্দনপুর গিয়ে দেখা যায়, মহাসড়কে দুই দিক থেকে একে একে বাস, ট্রাক, ট্রাক্টর, লরি, কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পিকআপ আসা-যাওয়া করছে। এর মধ্যেই কেউ হাতে ব্যাগ নিয়ে, কেউ শিশু কোলে, কেউ কাঁধে মালামাল নিয়ে রাস্তা পার হচ্ছেন। তার ওপর মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজের কারণে ওই এলাকায় সড়কের বিভিন্ন স্থান উঁচু-নিচু হয়ে আছে। সড়কের উঁচু স্থান থেকে নামতে গিয়ে কয়েকজনকে সড়কের পড়ে যেতে দেখা যায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘নন্দনপুর এলাকা দিয়ে প্রতিদিন মানুষ ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছে। এ চার লেন প্রকল্পের আওতায় বর্তমানে এ মহাসড়কের কাজ হচ্ছে। এটা আমাদের আওতায় না।’
চার লেন প্রকল্পের ব্যবস্থাপক মাসুম সারওয়ার বলেন, শিগগিরই নন্দনপুর এলাকায় পদচারী-সেতু নির্মাণ করা হবে।