বগুড়ার বাস টার্মিনাল ও রেলস্টেশনে গতকাল শনিবার ছিল হাজারো যাত্রীর ভিড়। টিকিটের জন্য হাহাকার। বাস টার্মিনাল ও রেলস্টেশনে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। কেউ কেউ তিন গুণ ভাড়া দিয়ে টিকিটের দেখা পান। অন্যরা জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ও ট্রাকে ওঠেন।
গতকাল বেলা ১১টার দিকে শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনালে দেখা গেছে, কিছুসংখ্যক যাত্রী আগাম টিকিট পেয়েছেন। তাঁরা নির্ধারিত বাসের জন্য অপেক্ষা করছেন। আর অনেকে টিকিটের জন্য কাউন্টারে কাউন্টারে ছুটছেন। তাঁদের জানানো হচ্ছে, টিকিট নেই। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। কোনো কোনো কাউন্টারে ঈদে বিশেষ সার্ভিসের নামে অতিরিক্ত টাকায় কিছু টিকিট বিক্রি করা হচ্ছে।
ঢাকার মতিঝিলের ব্যাংক কর্মকর্তা তাহমিনা জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘স্বামী-সন্তানের সঙ্গে ঈদ করতে বগুড়ায় এসেছিলাম। ছুটি শেষ। আগামীকাল (আজ) রোববার অফিস খুলছে। আজকেই ঢাকায় ফিরতে হবে। ভোর থেকে বাসের টিকিটের জন্য কাউন্টারে কাউন্টারে ছুটি। চার ঘণ্টা চেষ্টার পর চার হাজার টাকায় চারটি টিকিট কিনেছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আবদুল লতিফ বলেন, টার্মিনালজুড়ে বাসের টিকিট নিয়ে নজিরবিহীন অরাজকতা চলছে। তিন গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এসব দেখার কেউ নেই।
অনেক যাত্রীর অভিযোগ, অন্য সময় বগুড়া থেকে গাবতলী-মহাখালী পর্যন্ত প্রতিটি টিকিটের জন্য ৩৫০ টাকা আদায় করা হয়। কিন্তু ঈদের সুযোগ নিয়ে আদায় করা হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের এ অভিযোগের বিষয়ে কোনো কাউন্টারের ব্যবস্থাপকই কথা বলতে চাননি। তাঁরা বলেন, ঢাকার পথে যাত্রী হলেও ফেরার পথে বাস খালি আসে। এ কারণে জ্বালানি খরচ, বঙ্গবন্ধু সেতুর টোল, পরিবহন কর্মীদের বেতনসহ অন্যান্য খরচ যুক্ত করে ভাড়া আদায় করতে হচ্ছে।
দুপুর ১২টায় শহরতলির বনানী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কয়েক শ যাত্রীর ভিড়। বেশির ভাগ যাত্রীই তৈরি পোশাক কারখানার কর্মী। টিকিট না পেয়ে তাঁরা বাসের ছাদে উঠছেন।
টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরের জোছনা বেগম ও তাঁর জা রাহেলা বেগম। তাঁরা ঢাকার একটি লোকাল বাসের ছাদে ওঠেন।
জোছনা বলেন, ‘সকাল থেকে বাসের জন্য এটি দাঁড়ায়ে আছি। বাস পাচ্ছি তো ভাড়া মিলিচ্ছে না। কাল সকালে কাজত যোগ দেওয়া লাগবি। বাধ্য হয়্যা ছাদত চড়ে যাচ্ছি।’
বাসস্ট্যান্ডের এক পাশে ট্রাকের সারি। মই ব্যবহার করে একটির পর একটি ট্রাকে যাত্রী ওঠানো হয়। যাত্রীদের বেশির ভাগই শ্রমজীবী। বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগরের আলম হোসেন ও তাঁর স্ত্রী আকলিমা বেগম সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। সঙ্গে ছোট দুই ছেলেমেয়ে নিয়ে তাঁরা ১ হাজার ২০০ টাকা ভাড়ায় ট্রাকে ওঠেন।
আলম হোসেন বলেন, ‘গরিবের জীবনের চ্যায়ে সস্তা আর কী আছে? ট্রাকে গেলে জীবনের ঝুঁকি, আর কাল সকালে কাজে যোগ না দিলে চাকরি হারাবার ঝুঁকি। যাতি তো হবেই।’
এদিকে দুপুরে বগুড়া রেলস্টেশনে দেখা গেছে, সেখানে ঢাকাগামী শত শত যাত্রী। বেশ কয়েকজন বলেন, কাউন্টারে টিকিট মিলছে না। অথচ অতিরিক্ত টাকা দিলেই কালোবাজারির কাছ থেকে টিকিট মিলছে। বেলা একটার দিকে খাদেমুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, একজন কালোবাজারির কাছ থেকে কমলাপুরের দুটো টিকিট কিনতে চাইলে তাঁর কাছে ১ হাজার ৪০০ টাকা দাবি করা হয়।
বগুড়ার রেলস্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম বলেন, বগুড়া রেলস্টেশন থেকে প্রতিদিন ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেসে ১৫টি ও লালমনি এক্সপ্রেসে ৩৭টি আসন বরাদ্দ। ঈদের আগেই ২২ সেপ্টেম্বর পর্যন্ত বরাদ্দের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অথচ ঈদের সময় গড়ে প্রতিদিন তিন হাজার আসনের চাহিদা থাকে। তবে কালোবাজারে টিকিট বিক্রির বিষয়টি তাঁর জানা নেই।