জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে কর্মস্থলে ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর যাত্রীদের চাপ বেশি থাকায় ভোলা-ঢাকা নৌপথে ১২টি লঞ্চ চলাচল করছে। স্বাভাবিক সময়ের চেয়ে লঞ্চ বেশি দেওয়া হলেও এগুলো অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে যাত্রীরা।লঞ্চঘাট ও যাত্রীদের সূত্রে জানা গেছে, ভোলা জেলার আটটি ঘাট দিয়ে এখন প্রতিদিন ১২টি লঞ্চে ৩০ হাজারের বেশি যাত্রী ওঠে। অধিক লাভের আশায় লঞ্চগুলো ধারণক্ষমতার অতিরিক্ত তিন-চার গুণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করার অপরাধে টিপু-৪ নামের একটি লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেন।তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল হাসান জানান, চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টিপু-৪ লঞ্চের ধারণক্ষমতা ৫০১ জন। কিন্তু লঞ্চটি শুক্রবার তিন-চার হাজার যাত্রী ও ৪৫ ঝুড়ি মাছ বহন করছিল। প্রতি ঝুড়িতে কয়েক মণ মাছ ছিল। দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তজুমদ্দিন ঘাটে লঞ্চটি আটক করে মালামাল ও যাত্রীদের নামিয়ে দেয়। এ ছাড়া অতিরিক্ত মালামাল ও যাত্রী ওঠানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত লঞ্চটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। রোববার সরেজমিনে দেখা গেছে, কোকো-৫-এর গায়ে ধারণক্ষমতা ৫০৯, মাহিম আরাফাতের ৪১৮, পাতার হাট-৫-এর ৬১৫, সালাউদ্দিন-১-এর ৪৭৪ এবং পাতারহাট-৪-এর ৬৮০ জন যাত্রী বহন করার অনুমতি আছে বলে লেখা আছে। কিন্তু লালমোহন লঞ্চঘাট থেকে এই লঞ্চগুলো দুই থেকে চার হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। ঘাটে তদারকি দল থাকলে লঞ্চগুলো মাঝ নদীতে গিয়ে অতিরিক্ত যাত্রী ওঠাচ্ছে। এসব লঞ্চ অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে। অন্যান্য ঘাট দিয়ে যেসব লঞ্চ চলাচল করে, সেগুলো হচ্ছে: সম্পদ, গ্লোরি অব শ্রীনগর, কর্ণফুলী-৩, স্বাধীন, প্রিন্স অব রাসেল, কর্ণফুলী-২ ও এমভি জামাল। এগুলোর কোনোটিরই ধারণক্ষমতা ৮০০-এর বেশি নয়। যাত্রীদের অভিযোগ, লঞ্চের কর্মচারীরা ধারণক্ষমতার অতিরিক্ত লোক ওঠানোর পাশাপাশি ভাড়াও নিচ্ছে বেশি। অন্য সময়ে ২০০-২২৫ টাকা ভাড়া নিলেও বর্তমানে ডেকে (তৃতীয় শ্রেণী) ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা। ভোলা শহরের চরনোবাদ এলাকার আরিফুল ইসলাম, সদর রোডের সঞ্জয় দে বলেন, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার জন্য ভোলাবাসীর একমাত্র ভরসা নৌপথ। তাই ঈদের পর ঢাকা ফেরার সময় যাত্রীদের চাপ বেশি থাকায় এ নৌপথে লঞ্চ বাড়ানো উচিত।বাংলাবাজার এলাকার মো. সেন্টু বলেন, ধারণক্ষমতার তিন-চার গুণ বেশি যাত্রী ওঠানোর পরও লঞ্চ ছাড়া হয় না। এরপর লঞ্চে অতিরিক্ত মালামাল ওঠানো হয়। দক্ষিণ দিঘলদির আবদুর রহমান বলেন, এক মাস আগ থেকে চেষ্টা করেও লঞ্চে কেবিন পাইনি। বাধ্য হয়েই দাঁড়িয়ে ঢাকা যাচ্ছি।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদ মৌসুমে যাত্রীদের ভিড় বেশি থাকে। এ সময় লঞ্চ বাড়ানো দরকার। কয়েকটি লঞ্চ বাড়ানোও হয়েছে। আগামী ঈদে লঞ্চ আরও বাড়ানোর চেষ্টা করব।’ তিনি আরও জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে যেন লঞ্চগুলো না ছেড়ে যেতে পারে সে জন্য তদারকি দল গঠন করা হয়েছে।